২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ট্রাক অস্ত্র: জবানবন্দি প্রত্যাহারে আবেদন

দশ ট্রাক অস্ত্রমামলায় হাকিমের কাছে দেয়া জবানবন্দি প্রত্যাহারের আবেদন জানিয়েছেন এক আসামি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2013, 03:59 PM

Updated : 25 Apr 2022, 06:14 PM

বুধবার হাফিজুর রহমান নামে ওই আসামির জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেন। তিনি অস্ত্র চোরাচালানে অভিযুক্ত এবং জবানবিন্দতে সেই দোষ স্বীকার করেছিলেন।

তবে দিনই সাক্ষ্যে জবানবন্দি নেয়া চট্টগ্রামের তৎকালীন মহানগর হাকিম ওসমান গণি বলেছেন, স্বেচ্ছায়ই জবানবন্দি দিয়েছিলেন আসামি হাফিজুর রহমান।

বুধবার দুপুরে চট্টগ্রাম স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক ও মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে সাক্ষ্য দেন বর্তমানে রাঙামাটি আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ ওসমান গণি।

আদালতের কার্যক্রমের শুরুতে হাফিজুর রহমান ১৬৪ ধারায় দেয়া তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারে নিজ হাতে লেখা একটি আবেদন আদালতে জমা দেন।

তার আইনজীবী মাহমুদুর রহমান বলেন, “পুলিশ হেফাজতে শারীরিক ও মানসিক নির্যাতন করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে জোর করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করা হয়েছিল।”

মহানগর হাকিম হিসেবে দায়িত্ব পালনকালে ২০০৯ সালের ২ মার্চ আসামি হাফিজুর রহমানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়েছিলেন ওসমান গণি।

তিনি আসামি পক্ষের জেরায় বলেন, জবানবন্দি দেয়ার বিষয়ে চিন্তাভাবনা করতে হাফিজুর রহমানকে তিন ঘণ্টার বেশি সময় দেয়া হয়েছিল।

“কোনো প্রলোভনে বা ভয়ে দোষ স্বীকার করেছেন কি না জানতে চেয়েছিলাম। হাফিজুর রহমান স্বেচ্ছায় জবানবন্দি দিচ্ছেন বলে জানিয়েছিলেন।”

ওসমান গণি আসামি দ্বীন মোহাম্মদ, মহসীন উদ্দিন তালুকদার এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুর রহিমেরও স্বীকারোক্তিমূলক জবানবন্দিও নিয়েছিলেন।

সাক্ষী মবিন হোসেন খান, মো. আবদুল¬াহ হেল বাকী, মো. এনামুর রহমান চৌধুরী ও মো. শামসুল ইসলামের জবানবন্দিও নথিভুক্ত করেছিলেন তিনি।

এই জজ জবানবন্দি দেয়ার পর আদালত তার জেরা অসমাপ্ত রেখে আগামী ২৭ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১১ আসামিকে এদিন কড়া নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয়।