শেরপুরে শিয়ালের কামড়ে জলাতঙ্ক, মৃত ২
শেরপুর সদরে শিয়ালের কামড়ে জলাতঙ্কে আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরো দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
গত ২৩ ডিসেম্বর সদর উপজেলার হেরুয়া তালুকপাড়া গ্রামে এ চারজনকে শিয়াল কামড়ায়। সোমবার মৃত্যু হয় কানিজ আলীর ছেলে সাব্বিরের (১০) এবং মঙ্গলবার মারা যান ওই গ্রামের হাসমত আলীর ছেলে মারুফ (১৮)।
ময়মনসিংহ সূর্যকান্ত (এসকে) হাসপাতালে চিকিৎিসাধীন আছেন ওই গ্রামের শরিফুল (৩৫) ও শাকিল(১০)।
শেরপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আব্দুছ ছামাদ এলাকাবাসীর বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২৩ ডিসেম্বর সদর উপজেলার হেরুয়া তালুকপাড়া গ্রামের লোকজন শিয়াল তাড়ানোর সময় হঠাৎ একটি পাগলা শিয়াল ওই চারজনকে উপর্যুপরি কামড়ে ক্ষতবিক্ষত করে।
ওইদিনই মারাত্মক আহত মারুফ ও সাব্বিরকে সদর হাসপাতালে ভর্তি এবং প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা দেয়া হয়।
চিকিৎসক বলেন, চিকিৎসা দেয়া সত্বেও জলাতঙ্ক আক্রান্ত এবং অবস্থার অবনতি হওয়ায় তাদের গত ২৬ ডিসেম্বর ময়মনসিংহ এসকে হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে শরিফুল ও শাকিল জেলা সদর হাসপাতালে ভর্তির জন্য এলে তাদেরকেও ময়মনসিংহের এসকে হাসপাতালে ভর্তির জন্য পরামর্শ প্রদান করা হয়।
সেখানে সোমবার একজন এবং মঙ্গলবার একজনের মৃত্যু হয় বলে জানান ডা. আব্দুছ ছামাদ।
ওই হাসপাতালে চিকিৎষাধীন অপর দু’জনের অবস্থাও আশঙ্কাজনক বলে তিনি জানান।
