২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষুদ্র উদ্যোক্তারা ‘হয়রানিতে’

প্রয়োজনীয় ঋণ ও সুবিধা না পাওয়ার পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা ব্যাংকগুলোতে হয়রানির শিকারও হচ্ছেন বলে কেন্দ্রীয় ব্যাংকের এক পর্যালোচনায় উঠে এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

শেখ আবদুল্লাহ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2013, 05:17 PM

Updated : 23 Aug 2022, 10:01 AM

সম্প্রতি ব্যাংকগুলোর এসএমই খাতের ঋণ বিতরণ পরিস্থিতি ও উদ্যোক্তাদের মতামত জানতে দেশের বিভিন্ন জেলা সফর করেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। মাঠ পর্যায়ের সফর শেষে কর্মকর্তারা পর্যালোচনা তুলে ধরেন।

এবিষয়ে এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম বিভাগের মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সম্প্রতি আমার ডিপার্টমেন্ট থেকে মাঠ পর্যায়ে বিশেষ মনিটরিং করা হয়। বিভিন্ন জেলায় কার্যরত ব্যাংকের কর্মকর্তা ও উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে।তা থেকে আমরা কিছু বিষয় দেখেছি, যা এসএমই খাতের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে প্রতিবন্ধক।”

উদ্যোক্তারা যাতে সহজে যথার্থ পরিমাণ ঋণ পায় তা নিশ্চিত করতে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালকের কাছে চিঠি দেয়া হবে বলে জানান তিনি।

পর্যালোচনা প্রতিবেদনে বলা হয়, “ঋণ নেয়ার জন্য উদ্যোক্তারা ব্যাংকে গেলে ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও অন্যান্য কর্মকর্তারা ‘এসএমই ঋণ দেয়া হয় না’, ‘বাজেট নেই’, ‘হেড অফিসের নির্দেশনা নেই’ ইত্যাদি কথা বলে উদ্যোক্তাদের নিরুৎসাহিত করছে।”

এছাড়া মাঠ পর্যায়ে এমন অনেক যোগ্য উদ্যোক্তা পেয়েছেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা, যারা ব্যাংক থেকে এসএমই ঋণ নেয়ার বিষয়ে কোনো তথ্যই জানেন না।

কোনো কোনো ব্যাংকের পক্ষ থেকে উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগই করা হয় না। আবার অনেক উদ্যোক্তা ব্যাংকে গিয়ে সেবাবান্ধব ও যথার্থ আচরণ পান না বলেও অভিযোগ পেয়েছেন তারা।

প্রতিবেদনে আরো বলা হয়, প্রধান কার্যালয়ের ঋণ মঞ্জুরি শাখায় প্রস্তাব পাঠানোর সময় উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করে নির্ধারিত ঋণের পরিমাণ, ইক্যুইটি, গ্রেস পিরিয়ড, সুদের হার ও পরিশোধ সূচি আলোচনা ছাড়াই ব্যাপকভাবে পরিবর্তন করা হচ্ছে। এতে উদ্যোক্তারা নানান ধরনের সমস্যায় পড়ছেন।

সরকারি-বেসরকারি সব ধরনের ব্যাংকেই এ ঘটনা ঘটছে বলে প্রতিবেদনে বলা হয়।

ব্যাংকগুলোর এ ধরনের আচরণ সুষ্ঠু বিনিয়োগ ব্যবস্থার ক্ষেত্রে হুমকিস্বরূপ বলে মনে করে কেন্দ্রীয় ব্যাংক।

বর্তমানে ব্যাংকগুলোর ২৫৩টি কৃষি ও এসএমই শাখা রয়েছে। এছাড়া অন্যান্য শাখাগুলোতেও এসএমই ঋণ বিতরণ করার কথা। এসএমই ঋণ বাড়ানোর জন্য ‘ক্লাস্টার অ্যাপ্রোচ’ পদ্ধতি প্রবর্তন করা হয়েছে, যাতে ২৫ জেলায় ক্লাস্টার চিহ্নিত করা হয়েছে।

২০১২ সালে ব্যাংকগুলো ৫৯ হাজার ১২ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। গতবছর সেপ্টেম্বর শেষে ৪৯ হাজার ৬০৪ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে বলে দেখিয়েছে ব্যাংকগুলো।

তবে ব্যাংকগুলোর দেয়া এসএমই ঋণ বিতরণের তথ্যে গরমিল রয়েছে বলে আশংকা করছেন কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।

গত কয়েক বছর ধরে বাংলাদেশ ব্যাংক এসএমই খাতে ঋণ বিতরণ বাড়ানোর চেষ্টা করছে। এজন্য সুবিধা হিসেবে বেশি বেশি এসএমই ঋণ বিতরণ করা ব্যাংকগুলোকে ক্যামেলস রেটিং-এ বেশি পয়েন্ট ও বেশি বেশি শাখা খোলার সুযোগ দেয়া হচ্ছে।