২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘তাজরীনে বাঁচার ব্যবস্থা কী ছিল’

আশুলিয়ার তাজরীন ফ্যাশনসে অগ্নিনির্বাপন ও নির্গমন ব্যবস্থা সংক্রান্ত প্রতিবেদন চেয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

সুলায়মান নিলয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2013, 02:59 PM

Updated : 25 Apr 2022, 06:14 PM

একটি রিট আবেদনের প্রাথমিক শুনানির পর মঙ্গলবার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের বেঞ্চ এই আদেশ দেয়।

অগ্নিকাণ্ডের আগে ও পরে সরকারের পরিদর্শনের প্রতিবেদন ছয় সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে।

সেইসঙ্গে অগ্নিনির্বাপন আইন-২০০৩ এর অধীনে পোশাক কারাখানাটির যাবতীয় অনুমোদন সংক্রান্ত নথিপত্রও দুই সপ্তাহের মধ্যে দাখিল করতে বলা হয়েছে।

একইসঙ্গে জারি করা রুলে ওই পোশাক কারাখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় মালিক ও কর্মকর্তাদের বিরুদ্ধে অগ্নিনির্বাপন আইনের ১৭ ধারা অনুসারে কেন ব্যবস্থা নেয়া হবে না এবং অগ্নিকাণ্ডে নিহত শ্রমিক পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ কেন দেয়া হবে না, তা জানতে চাওয়া হয়।

রুলে ওই কারখানার অগ্নিকাণ্ড রোধে শ্রম আইন ২০০৬ এবং অগ্নি নির্বাপন আইন-২০০৩ এর বিভিন্ন ধারা অনুসারে সরকারের বিভিন্ন বিভাগের দায়িত্ব অবহেলা কেন বেআইনি ও কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়।

অর্থ সচিব, শ্রম সচিব, স্বরাষ্ট্র সচিব ও শ্রম অধিদপ্তরের মহাপরিচালকসহ সাত বিবাদীকে এ সব রুলের জবাব দিতে দুই সপ্তাহ সময় দিয়ে ২৪ জানুয়ারি এই আবেদনের পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত।

গত ২৪ নভেম্বর আশুলিয়ার তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিক নিহত হন। ওই ঘটনায় সরকারের অবহেলা ও নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ প্রদাণের নির্দেশনা চেয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক তাসলিমা ইয়াসমীন রিট আবেদনটি করেন।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে অ্যাডভোকেট ইমতিয়াজ ফারুক এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি বিশ্বজিত রায় শুনানি করেন।

তাজরীন কারখানায় অগ্নিকাণ্ড নিয়ে হাই কোর্টে আরো একটি রিট বিবেচনাধীন রয়েছে।