চাঁদনী ধর্ষণ ও হত্যা: মানববন্ধন দিনাজপুরের
শিশু চাঁদনী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে দিনাজপুরের বীরগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
শিশু চাঁদনী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে দিনাজপুরের বীরগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
মঙ্গলবার দুপুর ১২টায় সম্মিলিত নাগরিক সমাজের উদ্যোগে পুরাতন শহীদ মিনার চত্বরে এ মানববন্ধনে বীরগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার কয়েক হাজার মানুষ অংশ নেন।
এর আগে একটি বিক্ষোভ মিছিল উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বীরগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. খয়রুল ইসলাম চৌধুরী, স্থানীয় ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান চৌধুরী বাদশা, জয়নন্দ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. তহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া জাকা, উপজেলা সিপিবির সভাপতি আব্দুল হাকিম মাস্টার, বিএনপি সভাপতি আমিরুল বাহারসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
শনিবার বিকালে রাজধানীর মিরপুরের শাহ আলী থানার ঝিলপাড় বস্তিতে দশ বছরের শিশু চাঁদনীকে ধর্ষণের পর হত্যা করে দুর্বৃত্তরা। বীরগঞ্জের নাগরী-সাগরী প্রাথমিক বিদ্যালয়েল চতুর্থ শ্রেণির এই ছাত্রী ছুটিতে ঢাকায় বাবা-মার কাছে বেড়াতে এসেছিল।
এ ঘটনায় ওইদিনই শিশুটির মা ঝিলপাড় বস্তির রাজু, খোকন ও ইসমাইল এ তিন জনের নাম উল্লেখ করে মোট পাঁচ জনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন।
