২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসিসি নির্বাচন: বাড়লো স্থগিতাদেশের মেয়াদ

ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) নির্বাচন স্থগিত করে দেয়া আদেশের মেয়াদ তৃতীয় বারের মতো তিন মাস বাড়িয়েছে হাই কোর্ট।

সুলাইমান নিলয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2013, 11:38 AM

Updated : 25 Apr 2022, 06:14 PM

এই নির্বাচন নিয়ে হাই কোর্টে রিটকারী পক্ষের এক আবেদনের শুনানি করে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়।

এর আগে গত ১৬ এপ্রিল হাই কোর্ট তিন মাসের জন্য এ নির্বাচন স্থগিত করে। পরে গত ২৩ জুলাই প্রথম বারের মত ওই নির্বাচনে দেয়া স্থগিতাদেশ তিন মাস বৃদ্ধি করেন। দ্বিতীয় বার ৮ অক্টোবর একই মেয়াদের জন্য স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয়। ঘোষিত তফসিল অনুযায়ী ঢাকার দুই সিটি কর্পোরেশনে ২৪ মে হওয়ার কথা ছিল।

আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো মোখলেসুর রহমান।

আদেশের পর মনজিল মোরসেদ বলেন, আদালত আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে স্থগিতাদেশের মেয়াদ আরো তিন মাস বাড়িয়েছে।

গত এপ্রিলে ঢাকার দুই সিটি কর্পোরেশন (ডিসিসি) নির্বাচনের তফসিল ঘোষণার এক সপ্তাহের মাথায় স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইনের কয়েকটি ধারা বাস্তবায়ন না করা পর্যন্ত ডিসিসি নির্বাচন স্থগিত করার জন্য একটি রিট আবেদন করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ।

ওই আবেদনের প্রাথমিক শুনানি শেষে গত ১৬ এপ্রিল বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এক আদেশে নির্বাচন স্থগিত করে ‘যথাসম্ভব দ্রুত’ ঢাকার ওয়ার্ডগুলোর সীমানা নির্ধারণ করতে বলে।

একইসঙ্গে নির্বাচনের তিন মাস আগ পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ করতে বলা হয়। আইন অনুযায়ী, সব কাজ শেষ করে দ্রুত নির্বাচন করতে বলে আদালত।

এছাড়া সীমানা নির্ধারণসহ স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইনের সংশ্লিষ্ট ধারাগুলো বাস্তবায়ন করে তারপর নির্বাচন অনুষ্ঠানে ইসিকে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়।

স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন-২০০৯ এর ২৭ ধারায় বলা হয়েছে, নতুন কোনো সিটি কর্পোরেশন হলে সীমানা নির্ধারণকারী কর্মকর্তাকে সুনির্দিষ্ট ওয়ার্ডের বিষয়ে সুপারিশ করতে হবে এবং কর্পোরেশনকে বিভিন্ন ওয়ার্ডে বিভক্ত করতে হবেথ। এই ওয়ার্ডের সংখ্যা গেজেট নোটিফিকেশনের মাধ্যমে প্রকাশ করতে হবে।

ওই আইনের ২৮ ধারায় বলা হয়েছে, গেজেট নোটিফিকেশনের মাধ্যমে সীমানা নির্ধারণকারী কর্মকর্তা নিয়োগ করতে হবে। সীমানা নির্ধারণের জন্য কর্মকর্তা নিয়োগ করে গেজেট প্রকাশ করতে হবে।

রিট আবেদনে বলা হয়, ঢাকাকে বিভক্ত করে দক্ষিণ ও উত্তরে দুটি সিটি কর্পোরেশন করায় এখন স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইনের ২৭ ও ২৮ ধারা বাস্তবায়ন না করে নির্বাচন অনুষ্ঠানের সুযোগ নেই। এছাড়া নির্বাচন আয়োজনের উদ্যোগ নিয়ে আইনের ৩, ৫, ২৯ ও ৩০ ধারাও লঙ্ঘিত হয়েছে।