২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রফিকুল হত্যা নিয়ে বিএনপির অভিযোগ ভিত্তিহীন’

বিএনপি নেতা রফিকুল ইসলাম মজুমদার হত্যাকাণ্ড নিয়ে সরকারের বিরুদ্ধে বিএনপি প্রচারণা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2013, 09:37 AM

Updated : 25 Apr 2022, 06:14 PM

মঙ্গলবার মন্ত্রণালয়ে ‘বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পসমূহের পর্যালোচনা সভা’ শেষে নিজ কক্ষে বিএনপির অভিযোগ নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “অভিযোগ ভিত্তিহীন, দুরভিসন্ধিমূলক ও অনভিপ্রেত, এ ধরনরে প্রচারণা জাতির জন্য সুখকর নয়।”

গত শনিবার রাত ১১টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার আদাবাড়ি-মনোহরপুর এলাকায় হাতকড়া লাগানো অবস্থায় ঢাকার ৫৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুলের লাশ উদ্ধার করা হয়।

সোমবার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রফিকের জানাজার পর তরিকুল ইসলাম অভিযোগ করেন, এই হত্যাকাণ্ডের পেছনে সরকারের হাত রয়েছে। এর প্রতিবাদে বিকেলে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি।

শামসুল হক টুকু বলেন, “ঘটনার তদন্ত চলছে, তদন্ত শেষে সত্য উদঘাটনের পর জানানো হবে।”

র‌্যাবের পরিচয়ে একদল লোক রফিকুলকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় বলে তার পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন। এ বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, “পরিবারের অভিযোগও তদন্ত করা হবে।”

এ সরকারের ৪ বছরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নত হয়েছে বলে তিনি দাবি করেন।

বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পসমূহের পর্যালোচনা সভার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশের ১০১টি জরাজীর্ণ থানা ভবন পুনর্নির্মাণের একটি প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে যার জন্য বরাদ্দ ৬৯৪ কোটি টাকা।

১৫৬টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্থাপনার কাজ শুরু হয়েছে যা আগামী ২০১৫ সালের জুনের মধ্যে শেষ হবে।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সচিব সিকিউকে মুসতাক আহমদসহ মন্ত্রনালয় ও আইন-শৃঙ্খলা বাহিনীর ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।