২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শৈত্যপ্রবাহে কাঁপন উত্তর জনপদে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2013, 02:57 AM

Updated : 25 Apr 2022, 06:14 PM

আবার শৈত্যপ্রবাহের কবলে পড়েছে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, মৌসুমের তৃতীয় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে রংপুর বিভাগ ও মৌলভীবাজার অঞ্চলের ওপর দিয়ে। এটি মৃদু শৈত্যপ্রবাহ।

অধিদপ্তরের পূর্বাভাস কর্মকর্তা হাফিজুর রহমান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার রাজশাহীতেই মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়। এখন রংপুর-শ্রীমঙ্গলে। আরো কয়েকদিন তা অব্যাহত থাকতে পারে।”

রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দিনাজপুর, রংপুর ও সৈয়দপুরে ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এসময় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

গত ডিসেম্বরের শেষভাগে দেশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের দুটি শৈত্যপ্রবাহ বয়ে যায়, তাতে শীতের তীব্রতায় ছিন্নমূল মানুষের দুর্ভোগ চরমে ওঠে।

পাশাপাশি শিশুদের নিউমোনিয়াসহ শীতজনিত বিভিন্ন রোগের প্রকোপ দেখা দেয় উত্তরাঞ্চলে।

জানুয়ারি মাসে হাড় কাঁপানো শীতের আভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, এই মাসে তিনটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে দেশের ওপর দিয়ে।

মঙ্গলবারের পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া প্রধানত শুকনো থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে ঘন কুয়াশা বিরাজ করতে পারে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭-৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ২৭-২৮ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।

অধিদপ্তরের দীর্ঘ মেয়াদি (জানুয়ারি মাস) পূর্বাভাসে বলা হয়, এ মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে (১-২) টি মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস)/ তীব্র (৪-৬ ডিগ্রি সেলসিয়াস) ধরনের শৈত্য প্রবাহ এবং অন্যত্র ২-৩ টি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস )/ মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।