মাগুরায় দরপত্র ছিনতাইয়ের অভিযোগ
মাগুরা গণপূর্ত বিভাগের ৫০ লাখ টাকা মূল্যের ঠিকাদারি কাজের দরপত্র ছিনতাইয়ের অভিযোগ উঠেছে সাবেক এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।
মাগুরা গণপূর্ত বিভাগের ৫০ লাখ টাকা মূল্যের ঠিকাদারি কাজের দরপত্র ছিনতাইয়ের অভিযোগ উঠেছে সাবেক এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।
সোমবার সকালে শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক এবং সাবেক জেলা ছাত্রলীগ নেতা মীর সুমনের নেতৃত্বে এ ছিনতাই হয় বলে ঠিকাদাররা অভিযোগ করেন।
তবে সুমন অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করেন এক ঠিকাদারের বিরুদ্ধে।
এ ঘটনায় কর্তৃপক্ষ দরপত্রটি বাতিল করে পুনঃদরপত্র আহবান করবে বলে জানিয়েছে।
রাশেদুল ইসলাম রাখু নামের এক ঠিকাদার সাংবাদিকদের বলেন, মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ের তৃতীয় তলায় সিআইডি অফিস নির্মাণের জন্যে ডিসেম্বরের প্রথম সপ্তাহে গণপূর্ত বিভাগ এ দরপত্র আহবান করে। সোমবার ছিল দরপত্র জমা দেয়ার শেষ তারিখ।
তার অভিযোগ, তিনি এবং আরেকটি ঠিকাদার গ্রুপ গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর কক্ষে সংরক্ষিত বাক্সে দরপত্র জমা দেন। কিছুক্ষণ পর মীর সুমনের নেতৃত্বে একদল সশস্ত্র যুবক পুলিশের উপস্থিতিতেই নির্বাহী প্রকৌশলীর কক্ষে ঢুকে বাক্স উপুড় করে দরপত্রগুলো নিয়ে যায়।
এই গ্রুপটি ঠিকাদারি কাজটি আয়ত্তে নেয়ার জন্যে কয়দিন থেকেই সমঝোতার চেষ্টা করছিল। কিন্তু অন্য ঠিকাদাররা রাজি না হওয়ায় তারা এ ছিনতাই করে, বলেন তিনি।
এদিকে মীর সুমন অভিযোগ অস্বীকার করে বলেন, গণপূর্ত কার্যালয় এলাকার স্থায়ী বাসিন্দা রাশেদুল ইসলাম রাখু ও তার ভাই জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর মকবুল হোসেন মাকুলের নেতৃত্বে একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে ও গণপূর্ত বিভাগের কর্মকর্তা কর্মচারীদের ম্যানেজ করে গোপনে সমস্ত কাজ নিয়ন্ত্রণ করে আসছেন।
“তাদের সিদ্ধান্তের বাইরে এখানে কোনো কাজই বন্টন হয় না উল্লেখ করে তিনি বলেন, বর্তমান কাজটিও তারা নেগোসিয়েট করে নিজেদের আয়ত্তে রাখতে চেয়েছিলেন। আমি রাজি হইনি,” বলেন সুমন।
তিনি বলেন, দরপত্রে অংশ নেয়ার জন্য সকাল ৯টার দিকে আমি গণপূর্ত অফিসে যাই। গিয়ে দেখি নির্ধারিত সময়ের আগেই বাক্সে দরপত্র জমা রয়েছে। নিয়ম হচ্ছে সকাল ৯টায় অফিস টাইম শুরু হলে উপস্থিত ঠিকাদারদের সামনে খালি বাক্স দেখিয়ে তা বন্ধ করে দরপত্র জমা নিতে হবে।
“তাই আমি প্রতিবাদ করায় নেগোসিয়েশনের প্রক্রিয়া ভেস্তে যাওয়ায় ঠিকাদার রাখুসহ তাদের সিন্ডিকেট নিজেরাই বিশৃংখলা সৃষ্টি করে আমাকে দোষারোপ করছে,” বলেন সুমন।
এ ব্যাপারে সদর থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, সকাল থেকে গণপূর্ত অফিসের নিচে পুলিশ লাইনের কয়েকজন কনস্টেবল পাহারায় ছিল। এরই মধ্যে এ ঘটনা ঘটেছে। তবে এটি ছিনতাই নয়, চুরির ঘটনা।
কর্তৃপক্ষ এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করেছে বলেও তিনি জানান।
গণপূর্ত অফিসের নির্বাহী প্রকৌশলী সারওয়ার আহমদ বলেন, “সকালে একটি নির্মাণ কাজ পরিদর্শনের জন্য অফিসের বাইরে ছিলাম। এরই মধ্যে বাক্স থেকে দরপত্র নিয়ে যাওয়ার খবর পাই।
“সঙ্গে সঙ্গে অফিসে ফিরে জানতে পারি- কয়েকজন যুবক দাখিলকৃত দরপত্র জোরপূর্বক নিয়ে গেছে।
“এ বিষয়ে আমি থানায় ডায়েরি করেছি এবং দরপত্র বাতিল করে নতুন দরপত্র আহবানের সিদ্ধান্ত নিয়েছি।”
