ইবিতে ক্লাস বন্ধ ৫ মাস, শিক্ষকদের নতুন দাবি
উপাচার্য ও উপ-উপাচার্যের অপসরণের পরও ক্লাসে ফেরেননি ইসলামী বিশ্ববিদ্যালয়েল শিক্ষকরা।
উপাচার্য ও উপ-উপাচার্যের অপসরণের পরও ক্লাসে ফেরেননি ইসলামী বিশ্ববিদ্যালয়েল শিক্ষকরা।
গত পাঁচ মাস ধরে বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস-পরীক্ষা হচ্ছে না। এরমধ্যেই ২৫ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি (রোববার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি ছিল।
ছুটিশেষে সোমবার বিশ্ববিদ্যালয় খুললেও কোনো ক্লাস ও পরীক্ষা হচ্ছে না। এতে বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী হতাশ ও ক্ষুব্ধ হয়ে উঠেছেন।
গত বছরের সেপ্টেম্বরের শুরুতে সরকারি সল সমর্থিত ছাত্রলীগ উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের অপসারণের দাবিতে আন্দোরন শুরু করে। পরে অন্যান্য ছাত্র সংগটন এবং এক পর্যায়ে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে।
দুমাস পর আন্দোলনে যোগ দেয় শিক্ষক সমিতি। তাদের দাবির মধ্যেও ছিল উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের অপসারণ।
কিন্তু উপাচার্য ও উপ-উপাচার্যকে অপসারণের পর তারা কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে অনড় থাকেন। এরসঙ্গে নতুন যুক্ত করেন প্রক্টর ড. এএইচএম আক্তারুল ইসলাম জিল্লু এবং ছাত্র উপদেষ্টা ড. টিএম লোকমান হাকিমের অপসারণ।
এ ব্যাপারে শিক্ষক সমিতির সভাপতি নজিবুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা শিক্ষার্থীদের প্রতি অবশ্যই আন্তরিক। তবে আমাদের ন্যায্য দাবি মেনে না নেয়া পর্যন্ত শিক্ষকরা ক্লাস পরীক্ষায় ফিরে যাবে না।”
বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ড. রুহুল কে এম সালেহ বলেন, কোষাধ্যক্ষ, প্রক্টর ও ছাত্র উপদেষ্টা দুর্নীতিবাজ ভিসি অধ্যাপক ড. এম আলাউদ্দিনের সহযোগী। তারাও দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। অতএব তাদের সরিয়ে প্রশাসনকে দুর্নীতিমুক্ত করতে হবে।
“এদের না সরালে আমরা নতুন উপাচার্যকে কোনো সহযোগিতা করব না”, বলেন তিনি।
এ ব্যাপারে নবনিযুক্ত উপাচার্য ড. আবুদল হাকিম সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষক সমিতি ও অন্যান্য সংগঠনের সঙ্গে কথা বলে আলোচনা সাপেক্ষে অভ্যন্তরীণ সমস্যা সমাধান করে ক্যাম্পাস সচলের ব্যাপারে পদক্ষেপ অব্যাহত রয়েছে। আশা করি প্রত্যেকের অবস্থান থেকে সবাই আমাকে এ ব্যাপারে সহযোগিতা করবেন।”
এদিকে উপাচার্য ও উপ-উপাচার্যের অপসারণের পরও শিক্ষকরা নতুন দাবি তোলায় শিক্ষার্থীরা হতাশ ও ক্ষুব্ধ হয়ে উঠেছেন। তারা শিক্ষকদের আন্দোলনের বিরোধিতা না করলেও ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার পক্ষে নন।
সরকার দলীয় ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখা সাধারণ সম্পাদক শামসুজ্জামান তুহিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষক সমিতির দাবিতে সরকার বিশ্ববিদ্যালয়ে নতুন প্রশাসন দেয়। এরপরও ক্লাস-পরীক্ষা না নেয়া অযৌক্তিক।
“আমরা চাই অতিদ্রুত ক্লাস-পরীক্ষা শুরু হোক,” বলেন তুহিন।
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি রাকিব মোহাম্মাদ হাসান রকি বলেন, কোনো বিলম্ব ছাড়াই ক্লাস-পরীক্ষা শুরু করা জরুরি। তারা অন্য আরো অনেকভাবে আন্দোলন করতে পারেন। শিক্ষার্থীদের জিম্মি করতে হবে কেন।
জাতায়তাবাদী ছাত্রদল সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশিদ বলেন, অতিদ্রুত ক্লাস-পরীক্ষা চালু হওয়া এখন মিক্ষার্থীদের একমাত্র চাওয়া। শিক্ষকরা ক্লাসে ফিরে গিয়ে ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা জরুরি।
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে ১২৬ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগে অনিয়ম, দুর্র্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে উপাচার্য অধ্যাপক ড. এম আলাউদ্দিন, উপ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ শাহজাহান আলীর পদত্যাগের দাবিতে ৭ ও ৮ সেপ্টম্বর আন্দোলন শুরু করে সরকার দল সমর্থক বাংলাদেশ ছাত্রলীগ।
এরপর একই দাবিতে ৯ নভেম্বর থেকে শিক্ষকরাও আন্দোলন শুরু করে।
সেপ্টেম্বর থেকেই বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের সকল ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে।
আন্দোলনের এক পর্যায়ে গত ২৭ ডিসেম্বর উপাচার্যকে অব্যাহতি দিয়ে অধ্যাপক ড. আবদুল হাকিম সরকারকে উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়। সেইসঙ্গে উপ-উপাচার্যকেও অব্যাহতি দেয়া হয়।
ওই দিন সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষকরা এক বিবৃতিতে বলেছিলেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শাহজাহান আলীকেও অব্যাহতি দিতে হবে। এছাড়া ক্যাম্পাসে ‘অবাঞ্ছিত’ থাকার সময়ে (গত ৩ অক্টোবর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত) সাবেক উপাচার্য প্রক্টর নিয়োগসহ প্রশাসনের বিভিন্ন পদে যাদের নিয়োগ দিয়েছেন তাদেরও অপসারণ করতে হবে।
