হরতালে রাজধানীতে ৪ গাড়িতে আগুন
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ১৮ দলীয় জোটের দিনব্যাপী হরতালের সকালে রাজধানীর মিরপুরে দুটি বাসে, শাঁখারিবাজারে একটি প্রাইভেট কারে এবং বাবুবাজারে একটি মাইক্রোবাসে আগুন দেয়া হয়েছে।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ১৮ দলীয় জোটের দিনব্যাপী হরতালের সকালে রাজধানীর মিরপুরে দুটি বাসে, শাঁখারিবাজারে একটি প্রাইভেট কারে এবং বাবুবাজারে একটি মাইক্রোবাসে আগুন দেয়া হয়েছে।
ফায়ার ব্রিগেড নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ফরহাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৬টার দিকে মিরপুরে প্রশিকা ভবনের সামনে একটি বাসে আগুন দেয়া হয়। খবর পেয়ে ফায়ার ব্রিগেডের একটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
একই সময়ে মিরপুর ১০ নম্বর গোলচক্করের কাছে হরতাল সমর্থকরা একটি বাসে আগুন দেয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে একজনকে আটক করে বলে জানান মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (তদন্ত) মইদুল হোসেন।
এছাড়া সকাল ৬টার দিকে মিরপুর ৬ নম্বর বাজারের পাশে ইউনাইটেড পরিবহনের একটি বাসে হরতাল সমর্থকরা আগুন দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় হরতালকারীদের ছোড়া হাতবোমা বিস্ফোরণে বাসের চালক আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে সকাল ১০টার দিকে শাঁখারিবাজারে হরতাল সমর্থকদের একটি ঝটিকা মিছিল চলার সময় একটি প্রাইভেট কারে আগুন দেয়া হয়। পুলিশ ধাওয়া দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয় বলে জানান কোতোয়ালি থানার ওসি আবুবকর সিদ্দিক জানান।
বেলা সাড়ে ১২টার দিকে বাবুবাজারের দুম্বা মসজিদ এলাকায় হরতাল সমর্থকদের একটি ঝটিকা মিছিল চলার সময় একটি মাইক্রোবাসে আগুন দেয়া হয় বলে কোতোয়ালির ওসি জানান। এ সময় কয়েকটি হাতবোমা ফাটানো হয় এবং একটি কভার্ড ভ্যান ভাংচুর করে হরতালকারীরা।
পরে পুলিশ এলে মিছিলকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে পুলিশ।
সকালে রাজধানীতে বাস কম চললেও প্রচুর রিকশা ও অটোরিকশা চলতে দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে যানবাহনের সংখ্যাও।
হরতালের আগের দিন শনিবারও রাজধানীর রমনা, আজিমপুর, তেজগাঁও, মিরপুর, সায়েন্সল্যাবরেটরি মোড় ও বনানী কাঁচাবাজার এলাকায় গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটে।
বেলা সোয়া ৩টার দিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে ওষুধ কোম্পানির একটি গাড়িতে আগুন দেয় হরতাল সমর্থকরা। বিকাল সাড়ে ৪টার দিকে আজিমপুর গার্লস স্কুল ও কলেজের সামনে ২৭ নম্বর রুটের (আজিমপুর-গাজীপুর) একটি বাস পুড়িয়ে দেয়া হয়।
সন্ধ্যা পৌনে ৭টার দিকে তেজগাঁও সাত রাস্তা মোড়ে একটি প্রাইভেটকারে আগুন দেয়া হয়। প্রায় একই সময় মিরপুর এক নম্বরে মেট্রো পরিবহনের একটি বাসে হরতার সমর্থকরা আগুন দেয় বলে পুলিশ জানায়।
এছাড়া রাত ৮টার দিকে নিউমার্কেট এলাকায় ‘বিহঙ্গ’ পরিবহনের একটি বাস এবং সাড়ে ৯টার দিকে বনানী কাঁচাবাজারের সামনে একটি বাস পুড়িয়ে দেয়া হয়।
এর আগেও হরতালের আগের দিন ঢাকায় বিভিন্ন স্থানে গাড়িতে আগুন ধরানোর ঘটনা ঘটেছে, যার জন্য বিরোধী দলকেই দায়ী করেছে পুলিশ।
