বিজয় সরণিতে ‘মৃত্যুঘড়ি’
ধূমপানের কুফল তুলে ধরে রাজধানীর বিজয় সরণিতে একটি ‘মৃত্যুঘড়ি’ টানানো হয়েছে; তামাকজাত দ্রব্য ব্যবহারের ফলে প্রতিদিন কতজনের মৃত্যু হচ্ছে এই ঘড়ি তা জানাবে।
ধূমপানের কুফল তুলে ধরে রাজধানীর বিজয় সরণিতে একটি ‘মৃত্যুঘড়ি’ টানানো হয়েছে; তামাকজাত দ্রব্য ব্যবহারের ফলে প্রতিদিন কতজনের মৃত্যু হচ্ছে এই ঘড়ি তা জানাবে।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু শনিবার সকালে এই ‘মৃত্যুঘড়ি’ উদ্বোধন করেন। ধূমপানবিরোধী সংগঠন ‘প্রগতির জন্য জ্ঞান (প্রজ্ঞা)’ এই ঘড়িটি স্থাপন করেছে।
প্রজ্ঞার চেয়ারম্যান সাঈদ বদরুল করিম সাংবাদিকদের জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে প্রতিদিন ১৫৬ জন মানুষ ধূমপাণের কারণে কারা যায়। ধূমপানের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে এই ঘড়ি স্থাপন করা হয়েছে।
বঙ্গবন্ধু নভোথিয়েটারের সামনে ‘মৃত্যুঘড়িটি’ একটি বিলবোর্ডে বসানো হয়েছে।
“প্রতি ৯ দশমিক ১৩ সেকেন্ড পর এর কাঁটা একটি করে সংখ্যা পরিবর্তন করবে। এর মাধ্যমে দিনে ১৫৬ জনের মৃত্যুর বিষয়টি বোঝানো হবে,” বলেন বদরুল।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, সংসদের আগামী অধিবেশনে ধূমপান ও তামাক দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধনী) আইন পাসের উদ্যোগ নেয়া হবে।
গত ২৭ অগাস্ট সংশোধিত এই আইন মন্ত্রিসভা নীতিগতভাবে অনুমোদন দেয়।
ইনু বলেন, “অন্য দেশের তুলনায় বাংলাদেশে এখনো তামাকজাত দ্রব্যের দাম কম। এর দাম বাড়িয়ে ধূমপান বা তামাকজাত দ্রব্য ব্যবহার থেকে মানুষকে নিরুৎসাহিত করতে হবে।”
তামাকের ওপর শুল্ক সরকারের রাজস্ব আদায়ের বড় উৎস হলেও ইনু বলেন, “তামাকের টাকা দিয়ে সরকারের বড় লোক হওয়ার ইচ্ছা নেই।”
