চুলা জ্বালিয়ে ঘুম, অগ্নিকাণ্ডে আহত ১২
ঢাকার কেরানীগঞ্জের মান্দাইল গ্রামে গ্যাসের চুলা থেকে সৃষ্ট আগুনে ১২ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
ঢাকার কেরানীগঞ্জের মান্দাইল গ্রামে গ্যাসের চুলা থেকে সৃষ্ট আগুনে ১২ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার প্রথম প্রহরে ওই গ্রামের লিংক রোডের পাঁচতলা একটি ভবনের চারতলায় এই অগ্নিকাণ্ড ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আহত ১২ জনের মধ্যে নয়জনের নাম জানা গেছে। তারা হলেন- মনিরা বেগম (২২), বাদশা মিয়া (২৫), আয়নাল হোসেন (২২), বাচ্চু মিয়া (২০), মো. মনির (৪৫), মো. জামিল (৬), হোছনা (৪৫) ও সালমা (৩৫)।
আহতদের রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে গ্যাসের চুলা জ্বালিয়ে ওই ফ্ল্যাটের সকলে ঘুমিয়ে পড়ে। চুলায় থাকা তরকারি শুকিয়ে পাতিল পুড়ে আগুন ধরে যায় এবং তা সারা ঘরে ছড়িয়ে পড়ে।”
তিনি বলেন, আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
অগ্নি নির্বাপকি বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেছিল।
