২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থগিতাদেশ উঠলেই ডিসিসি নির্বাচন

ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, এ নির্বাচন বন্ধ থাকার কোনো ভিত্তি আছে বলে তিনি মনে করেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2013, 10:38 AM

Updated : 23 Aug 2022, 10:00 AM

ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, এ নির্বাচন বন্ধ থাকার কোনো ভিত্তি আছে বলে তিনি মনে করেন না।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, “ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনের জন্য আমরা রেডি ছিলাম। সব কিছু ছাপিয়েও ছিলাম। এখন ঢাকার জন্য এবসলিউটলি রেডি। আদালতের স্থগিতাদেশ উঠে গেলেই নির্বাচন করে ফেলব।”

৫ সদস্যের বর্তমান কমিশন গঠনের পর ২৪ মে ভোটের তারিখ রেখে গত এপ্রিলে ঢাকার দুইভাগে তফসিল ঘোঘণা করা হয়। পরে আদালতের স্থগিতাদেশে তা বন্ধ হয়ে যায়।

দুই দফায় এ স্থগিতাদেশের সময় বাড়ায় ১৬ জানুয়ারি পর্যন্ত ডিসিসি নির্বাচন আয়োজনে বাধা রয়েছে।

এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, “আদালতের আদেশের বিরুদ্ধে আপিল করেছি। এরপর আদালতের রুলের জবাব দিয়েছি। শুনেছিলাম, বিষয়টির আপিল শুনানির তারিখ পড়বে। জবাব ও সবকিছু বিবেচনা করে আদালত আমাদের শুনলে স্থগিতাদেশ উঠে যাবে বলে আশা করি।”

ইতোমধ্যে ভোটার তালিকা হালনাগাদ হয়ে যাওয়ায় ও রুলের জবাব পাওয়ায় এ নির্বাচন বন্ধ রাখা সম্ভব হবে না মনে করেন তিনি।

“ইতোমধ্যে হেয়ারিং হলেই আমরা ছাড় পেয়ে যেতাম। আমি মনে করি না, এমন কোনো গ্রাউন্ড রয়েছে যাতে নির্বাচন বন্ধ রাখা যায়।”

স্থগিতাদেশ উঠে গেলেই দ্রুত সময়ে এ নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানান সিইসি।

এর আগে সকালে ইসিতে চট্টগ্রাম-১২ আসনের উপ নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা বৈঠক করেন তিনি। এতে বিভিন্ন সংস্থা ও বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১৭ জানুয়ারি অনুষ্ঠেয় এ নির্বাচন শান্তিপূর্ণ হবে প্রত্যাশা করে কাজী রকিব জানান, প্রতিটি কেন্দ্রে ২৭ জন করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে। নির্বাচনি এলাকায় র্যা ব, পুলিশ, বিজিবি, কোস্টগার্ড সদস্য মোতায়েন করা হবে।

সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার আবু হাফিজ, শাহনেওয়াজ ও কমিশন সচিব মোহাম্মদ সাদিক উপস্থিত ছিলেন।