২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষিত ছাত্রীর চিকিৎসা ব্যয় মেটাবে বিএনপি

টাঙ্গাইলের মধুপুরে গণধর্ষণের শিকার স্কুলছাত্রীর চিকিৎসার ব্যয় বহন করবে বলে জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2013, 09:35 AM

Updated : 25 Apr 2022, 06:14 PM

টাঙ্গাইলের মধুপুরে গণধর্ষণের শিকার স্কুলছাত্রীর চিকিৎসার ব্যয় বহন করবে বলে জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।

সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এ ঘোষণা দেন।

তিনি বলেন, “টাঙ্গাইলের ধর্ষিত স্কুলছাত্রীর সব চিকিৎসা ব্যয় বিএনপি বহন করবে। প্রয়োজনে তাকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হবে।”

নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নারী নেত্রীদের প্রতিও আহ্বান জানান ফারুক।

তিনি বলেন, “এই অসভ্য সরকারের আমলে শুধু নারী ধর্ষণ নয়, বাংলাদেশের সকল মানুষই নির্যাতিত হচ্ছে।”

“দেশের সকল নারী নেত্রী আজ সোচ্চার। কিন্তু আওয়ামী লীগের নারীরা আজ কেন আন্দোলনে আসেন না? তাদের উচিত আন্দোলনে আসা”

গত ৭ ডিসেম্বর এক বিয়ে বাড়িতে যাওয়ার কথা বলে ওই স্কুলছাত্রীকে মধুপুরের পাহাড়ি এলাকার এক বাড়িতে নিয়ে যায় তার এক বান্ধবী। সেখানে আটক রেখে তিন দিন ধর্ষণ করা হয় তাকে। বর্তমানে ওই স্কুলছাত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় বুধবার মেয়েটির সেই ‘বান্ধবীসহ’ পাঁচজনকে রিমান্ডে পাঠিয়েছে আদালত।

এরইমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর জড়িতদের শাস্তি নিশ্চিতের আশ্বাস দিয়েছেন।

টাঙ্গাইলে স্কুলছাত্রীর ওপর পাশবিক নিরযাতনের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত ওই মানববন্ধনে অন্যদের মধ্যে সংগঠনের সভাপতি নুরে আরা সাফা ও সাধারণ সম্পাদক শিরিন সুলতানা উপস্থিত ছিলেন।