‘স্বাধীন গণমাধ্যমকে দায়িত্বশীলও হতে হবে’
স্বাধীনতা ভোগ করার পাশাপাশি দেশের গণমাধ্যমগুলোকে আরো দায়িত্বশীল আচরণ করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আর রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠানের মান ও গ্রহণযোগ্যতা বাড়াতে সংশ্লিষ্টদের আরো মনোযোগী হওয়ার তাগিদ দিয়েছেন তিনি।
বাংলাদেশ টেলিভিশনের চার যুগ পূর্তির অনুষ্ঠান উদ্বোধন করে মঙ্গলবার প্রধানমন্ত্রী বলেন, “বেসরকারি টেলিভিশনের সঙ্গে বিটিভিকে প্রতিযোগিতা করে চলতে হবে। এজন্য অনুষ্ঠানের মান বাড়াতে হবে, গ্রহণযোগ্য করতে হবে।”
জনগণের আকাঙ্খা পূরণে সরকারি প্রচার মাধ্যমে সমাজ সংস্কার ও গঠনমূলক কর্মসূচি নেয়ারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি আন্তর্জাতিকভাবে বাংলাদেশ টেলিভিশনের গ্রহণযোগ্যতা বৃদ্ধির দিকে নজর দিতে বলেন।
১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর তৎকালীন ডিআইটি (বর্তমান রাজউক) ভবনে যাত্রা শুরু করে বাংলাদেশ টেলিভিশন। শুরুতে তিনশ ওয়াট ট্রান্সমিটারের সাহায্যে ঢাকার আশপাশে দশ মাইল এলাকায় ৩ ঘণ্টা অনুষ্ঠান সম্প্রচার করা হতো।
স্বাধীনতার পর ১৯৭৫ সালের ৯ ফেব্রুয়ারি ডিআইটির ক্ষুদ্র পরিসর থেকে টেলিভিশনের কার্যক্রম রামপুরা টিভি ভবনে স্থানান্তর করা হয়। ১৯৭৫ সালের ৬ মার্চ রামপুরা টিভি ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
আর মঙ্গলবার সকালে এ প্রতিষ্ঠানের চার যুগ পূর্তির অনুষ্ঠান প্রধানমন্ত্রী উদ্বোধন করেন গণভবনে বসে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে। এ সময় তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু রামপুরা কেন্দ্রে উপস্থিত ছিলেন।
প্রচার মাধ্যমগুলোকে আরো দায়িত্বশীল আচরণ করার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ার দায়িত্ব রয়েছে। দেশ ও জাতির প্রতি দায়িত্বশীল হয়ে তাদের দায়িত্ব পালন করতে হবে।”
বর্তমান সরকারের সময়ে প্রচার মাধ্যমগুলোর পূর্ণ স্বাধীনতা ভোগ করছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।
তিনি বলেন, “স্বাধীনতার সাথে সাথে দায়িত্বশীলও হতে হবে। একটা সংবাদ প্রচার করলে সমাজের ওপর কী প্রভাব পড়ে- সেদিকে খেয়াল রাখতে হবে। স্বাধীনতা দায়িত্ববোধও সৃষ্টি করে। সেদিকে সকলকে নজর দিতে হবে।”
১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের অনুমতি দেয়ার কথা মনে করিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, “তথ্য পাওয়ার অধিকার সকলের রয়েছে। সেদিকে খেয়াল রেখে এবং শিল্পীদের যেন কর্মসংস্থানের সৃষ্টি হয় তার জন্যই আমরা বেসরকারি চ্যানেলের অনুমতি দেই।”
প্রধানমন্ত্রী বলেন, বিনোদনের পাশাপাশি শিক্ষণীয় কর্মসূচি পালন করাই বাংলাদেশ টেলিভিশনের লক্ষ্য। বিনোদনের পাশাপাশি, সমাজ পরিবর্তনের দিকে খেয়াল রেখেও অনুষ্ঠান করতে হবে।
প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিনের শুভেচ্ছা জানান।
১৯৭৫ সালে রামপুরায় বিটিভির কার্যক্রম শুরুর দিনটি স্মরণ করে শেখ হাসিনা বলেন, “ওই দিন উদ্বোধনী অনুষ্ঠানে আমি ও রেহানাসহ (শেখ রেহানা) সকলে উপস্থিত ছিলাম।”
চার যুগ পূর্তিতে বিটিভির প্রতিটি কর্মীকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
রামপুরায় বিটিভি ভবনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাসানুল হক ইনু। এছাড়া গণভবনের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিটিভির মহাপরিচালক ম হামিদ।
