পুরনো বইয়ের ভেতর মিলল কবিগুরুর চিঠি
পুরনো একটি বই ঘাঁটতে গিয়ে কবিগুরুর হাতে লেখা একটি চিঠি পেয়েছেন ভারতের ব্যাঙ্গালোরের এক পুস্তক বিক্রেতা, যে বইটি মুম্বাইয়ের একটি দোকান থেকে কিনেছিলেন তিনি।
পুরনো একটি বই ঘাঁটতে গিয়ে কবিগুরুর হাতে লেখা একটি চিঠি পেয়েছেন ভারতের ব্যাঙ্গালোরের এক পুস্তক বিক্রেতা, যে বইটি মুম্বাইয়ের একটি দোকান থেকে কিনেছিলেন তিনি।
ব্যাঙ্গালোরের চার্চ স্ট্রিটের ব্লুজম বুক হাউসের মালিক মায়ী গৌড়ের হাতে রবিঠাকুরের ওই চিঠি চলে আসার খবর সোমবার জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া।
মায়ী বলেছেন, চিঠি পাওয়ার খবর পেয়ে রবীন্দ্রভক্ত অনেকে তা কেনার প্রস্তাব দিচ্ছে।
“তবে আমি তা কোনোভাবেই বিক্রি করছি না,” বলেন তিনি।
৮১ বছর আগে কবিগুরুর ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশিত একটি বইতে তার লেখা চিঠিটি পাওয়া যায়।
রামানন্দ চ্যাটার্জি সম্পাদিত ‘দ্য গোল্ডেন বুক অব ট্যাগোর : এ হোমেজ টু রবীন্দ্রনাথ ট্যাগোর ফ্রম ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ইন সেলেব্রেশন অব হিজ সেভেনটিন্থ বার্থডে’ নামে ওই বইটি ১৯৩১ সালে কলকাতা থেকে প্রকাশ করে গোল্ডেন বুক।
১৯২১ সালে নিজের প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্যাডে লেখা ওই চিঠিতে কবিগুরু কাউকে সম্বোধন করেননি।
চিঠির শুরুতে লেখা হয়েছে, “দেশে-বিদেশ থেকে যে অভিনন্দন বার্তা আমি পাচ্ছি, সে বিষয়ে কতগুলো শব্দে অনুভূতি প্রকাশ করা আমার পক্ষে কঠিন।”
এরপর তিনি যে ‘উপহার’ পেয়েছেন তার জন্য কৃতজ্ঞতার বর্ণনা আছে চিঠিতে। চিঠির শেষে তিনি লিখেছেন “.... আমার জীবনের সবচেয়ে বড় উপহার।”
চিঠিতে তারিখ লেখা আছে ১৭ ডিসেম্বর ১৯৩১; ওই বছরটি ছিল তার ৭০তম জন্মদিন। নোবেল জয়ের ১৭ বছর পরে এই চিঠিটি লেখা হয়।
মায়ী গৌড়ের ধারণা, কোনো বন্ধুকে বইটি উপহার দেয়ার সময় কবিগুরু চিঠিটিও লিখেছিলেন।
তিনি বলেন, ১৯৩১ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ৭০তম জন্মদিনে আলবার্ট আইনস্টাইসহ অনেক গুণী ব্যক্তি তার সম্পর্কে লিখেছিলেন, যেগুলো পরে সঙ্কলিত করে ‘গোল্ডেন বুক’ প্রকাশ করে।
গোল্ডেন বুক মাত্র ১৫০০ কপি ছাপিয়েছিল, তার মধ্যে একটি দুই বছর আগে মায়ী গৌড়ের হাতে আসে। দক্ষিণ মুম্বাইয়ের একটি পুরনো বইয়ের দোকান থেকে পাঁচ হাজার রুপির বিনিময়ে এটি কিনেছিলেন তিনি।
ওই বইয়ের ভেতরেই চিঠিটি পাওয়া যায় বলে মায়ী গৌড় জানান। তিনি বলেন, “সত্যি বলছি, আমি বা দোকানদার কেউ জানতাম না বইয়ের ভেতরে চিঠি থাকার কথা। বই কেনার পর আমি চিঠিটি এর ভেতরে পাই।”
তবে এই চিঠির বিষয়ে বিশ্বভারতী কিংবা কোনো গবেষকের কোনো বক্তব্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে ছিল না।
