হাটহাজারীতে আগুনে দুই কিশোরের মৃত্যু
চট্টগ্রামের হাটহাজারীতে বাজারে আগুন লেগে দুই কিশোরের মৃত্যু হয়েছে।
অগ্নিনির্বাপক বাহিনী ও পুলিশ জানায়, রোববার রাত সোয়া ১০টার দিকে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের লোহারপুর বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।
আনুমানিক ১৫-১৬ বছর বয়সী একজন ঘটনাস্থলেই এবং ১২-১৩ বছর বয়সী অন্য জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর মারা যায়। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
চট্টগ্রাম ফায়ার ব্রিগেডের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১০টার দিকে লোহারপুল বাজারের হারুণ সওদাগরের চায়ের দোকানের চুলা থেকে আগুন লাগে। এরপর তা দ্রুত পাশের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে।
স্থানীয় প্রশাসন, পুলিশ ও এলাকাবাসীর সহযোগিতায় হাটহাজারী ফায়ার ব্রিগেডের দুটি ইউনিট রাত সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে পাঁচটি দোকান ভস্মীভূত হয়েছে জানিয়ে জসিম উদ্দিন বলেন, প্রায় পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে মালিকরা দাবি করেছেন।
