‘জনগণের টাকার যেন সঠিক ব্যবহার হয়’
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে ডিপ্লোমা প্রকৌশলীদের আরো আন্তরিক হওয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে ডিপ্লোমা প্রকৌশলীদের আরো আন্তরিক হওয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের উপজেলা নেতৃবৃন্দের জাতীয় সম্মেলন ও ৩৭তম কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “আমরা বাজেটে যে পদক্ষেপ নেই- তার পাই-পয়সা কাজে লাগালে গ্রাম বাংলার চিত্র অন্য রকম হতো।”
কাকরাইলে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শেখ হাসিনা।
ডিপ্লোমা প্রকৌশলীদের কাজে আরো মনোযোগী হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, “জনগণের টাকার যেন সঠিক ব্যবহার হয়, জনগণের কাঙ্ক্ষিত উন্নয়ন যেন হয়- সেদিকে আপনাদের নজর দিতে হবে।”
উন্নয়নের জন্য যে অর্থ ব্যয় হয়- তা জনগণের করের অথবা বিভিন্ন দাতা সংস্থার সাহায্য থেকে পাওয়া বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
কাউন্সিল অধিবেশনের উদ্বোধন করে সরকার প্রধান বলেন, “আপনারা মাঠ পর্যায়ে উন্নয়ন কাজ বাস্তবায়ন করে থাকেন। দেশের উন্নয়ন এবং উৎপাদন কর্মকাণ্ডের প্রায় শতকরা ৮৫ ভাগ বাস্তবায়ন হয় আপনাদের মাধ্যমে। রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, ঘর-বাড়ি, বিভিন্ন স্থাপনা, মিল-কারখানার নির্মাণ ও স্থাপনের দায়িত্বও আপনাদের।”
এই কাজের মান নিশ্চিত করতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।
অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান ডিপ্লোমা প্রকৌশলীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী ডিপ্লোমা প্রকৌশলীদের উন্নয়নে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, “ঘরে ঘরে প্রযুক্তি পৌঁছে দেওয়ার জন্য আমরা স্কুল ও কলেজ পর্যায়ে কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করেছি। এসব বিষয় পড়ানোর জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।”
ডিপ্লেমা প্রকৌশলীরা তাদের কাজ ‘সঠিকভাবে করলে’ তার মূল্যায়নও হবে বলে উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ডিপ্লেমা প্রকৌশলীদের বিভিন্ন সমস্যার সমাধানে শিক্ষা মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও পূর্ত মন্ত্রণালয়ের প্রতিনিধি নিয়ে দুটি কমিটি করা হয়েছিল। তারা ইতোমধ্যে সরকারের কাছে সুপারিশ দিয়েছে। এসব সুপারিশ বিবেচনা করে পদক্ষেপ নেয়া হবে।
বিভিন্ন খাতে সরকারের অগ্রগতির কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “আমরা গত কয়েক বছর ধরে প্রায় ৬.৫ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছি।”
এজন্য ডিপ্লোমা প্রকৌশলীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “আপনারা সঠিকভাবে কাজ করছেন বলেই আমরা প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হয়েছি।”
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সভাপতি এ কে এম এ হামিদ।
এর আগে অনুষ্ঠানস্থলে পৌঁছে প্রধানমন্ত্রী ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের ভবন ৯ তালায় উন্নয়নের ভিত্তি ফলক উন্মোচন করেন।
২০০০ সালে শেখ হাসিনাই এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।
