পদ্মা দুর্নীতি: জামিন চেয়ে আবেদন মোশাররফের
দুদকের আইনজীবী বলছেন, হাইকোর্টে জামিনের আবেদন হলেও আসামিদের বিরুদ্ধে সমন থাকায় তাদের গ্রেপ্তারে আইনগত কোনো বাধা নেই।
পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্র মামলার প্রধান দুই আসামি হাই কোর্টে আগাম জামিনের আবেদন করেছেন।
মামলার প্রধান আসামি সাবেক সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া ও সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (নদী শাসন) কাজী মো. ফেরদৌসের পক্ষে রুমিন ফারহানা নামের এক আইনজীবী বুধবার বিকালে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন জমা দেন।
ওই আবেদনের অনুলিপি রাষ্ট্রপক্ষ এবং দুর্নীতি দমন কমিশনের আইনজীবীকেও দেয়া হয়েছে। তবে আইনজীবীরা এই আবেদন বৃহস্পতিবার পর্যন্ত আদালতে উপস্থাপন করেননি।
সুপ্রিম কোর্টে বর্তমানে শীতকালীন অবকাশ চলছে। অবকাশে বর্তমানে বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া ও বিচারপতি মো. বদরুজ্জমানের বেঞ্চ জামিন শুনানির দায়িত্বে আছেন। হরতালের কারণে বৃহস্পতিবার তারা এজলাসে এসে বিভিন্ন মামলা শোনেন দুপুরের পর।
বিকালে বিচারকরা এজলাস ছেড়ে যাওয়ার পর এ আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম জাহিদ সারোয়ার কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা তাদের আবেদনের অনুলিপি পেয়েছি। তবে তারা এখনো শুনানির আবেদনটি উপস্থাপন করেননি। আগামী রোববার আবার কোর্ট বসবে।”
দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মো. খুরশীদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পদ্মা সেতু দুর্নীতি মামলার দুই আসামির দাখিল করা আবেদনের অনুলিপি আমরা হাতে পেয়েছি। আমরা প্রস্তুত রয়েছি; তারা যখনই শুনানি করতে চাইবে, আমরা দুদকের পক্ষে শুনানিতে অংশ নেব। শুনানিতে আমরা জামিনের বিরোধিতা করে আইনগত যুক্তি তুলে ধরব।”
আসামিদের বিরুদ্ধে সমন রয়েছে জানিয়ে তিনি বলেন, কোর্টে জামিন আবেদন এলেও তাদের গ্রেপ্তারে আইনগত কোনো বাধা নেই।
পদ্মা সেতুর পরামর্শকের কাজ পাইয়ে দিতে ‘ঘুষ লেনদেনের ষড়যন্ত্রের’ অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) গত সোমবার বনানী থানায় সাত জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করে।
মামলার পর সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকে ওএসডি করা হয় এবং দুর্নীতি দমন কমিশন সাত আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দেয়।
অন্য ছয় আসামি হলেন- সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (নদী শাসন) কাজী মো. ফেরদৌস, সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী রিয়াজ আহমেদ জাবের, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্ট লিমিটেডের উপ ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশে কানাডীয় পরামর্শক প্রতিষ্ঠান এসএনসি লাভালিনের স্থানীয় প্রতিনিধি মোহাম্মদ মোস্তফা, এসএনসি-লাভালিনের সাবেক পরিচালক মোহাম্মদ ইসমাইল, এই সংস্থার আন্তর্জাতিক প্রকল্প বিভাগের সাবেক ভাইস প্রেসিডেন্ট রমেশ সাহ ও সাবেক ভাইস প্রেসিডেন্ট কেভিন ওয়ালেস।
দুদক কমিশনার সাহাবউদ্দিন বুধবার বুধবার সাংবাদিকদের বলেন, “গতকাল এনকোয়ারি টিম (তদন্ত দল) গঠন করা হয়েছে।গ্রেপ্তারের বিষয়ে ইতোমধ্যে তাদের বলা হয়েছে।”
গ্রেপ্তারের ক্ষেত্রে কোনো ধরনের বাধা যেন না আসে, সেজন্য ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।
আসামিদের দেশ ছাড়া ঠেকাতে কী পদক্ষেপ নেয়া হয়েছে- জানতে চাইলে দুদক কমিশনার বলেন, “এ বিষয়ে এনকোয়ারি টিমকে বলা হয়েছে যেন প্রপার স্টেপ নেয়।”
পদ্মা প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠার পর সেতু বিভাগ থেকে সরিয়ে আনা হয় মোশাররফ হোসেনকে। তাকে দেয়া হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বিশেষ অর্থনৈতিক অঞ্চলের চেয়ারম্যানের দায়িত্ব।
পরে বিশ্ব ব্যাংকের শর্ত অনুযায়ী ছুটিতে পাঠানো হয় মোশাররফকে, মামলার পর তাকে ওএসডি করা হয়।
মামলায় অভিযোগ করা হয়েছে- “আসামিরা পারস্পরিক যোগসাজশে ঘুষ লেনদেনের ষড়যন্ত্র করার মাধ্যমে পদ্মা সেতু প্রকল্পের তদারকি পরামর্শকের কাজ এর অন্যতম দরদাতা এসএনসি লাভালিন ইন্টারন্যাশনালকে পাইয়ে দেয়ার ব্যবস্থা করে। এর মধ্য দিয়ে তারা দণ্ডবিধির ১৬১ এবং ১৯৪৭ সালের দুর্নতি প্রতিরোধ আইনে অপরাধ করেছেন, যা শাস্তিযোগ্য অপরাধ।”
এসএনসি লাভালিন ওই কার্যাদেশ পেলে ‘ঘুষ লেনদেন সম্পন্ন হতো’ বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
কানাডীয় কোম্পানি এসএনসি লাভালিনের দুই কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ ওঠার পর গত বছরের সেপ্টেম্বরে ২৯১ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে ১২০ কোটি ডলারের ঋণচুক্তি স্থগিত করে বিশ্ব ব্যাংক।
দুদক এরপর তদন্ত শুরু করলেও সরকারের সঙ্গে মতভেদ না কাটায় গত জুন মাসে ঋণচুক্তি বাতিল করে বিশ্ব ব্যাংক। এরপর সরকারের নানামুখী তৎপরতায় বিশ্ব ব্যাংক সিদ্ধান্ত বদলায়।
তাদের দেয়া শর্ত অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ আদালতের সাবেক প্রসিকিউটর লুইস গাব্রিয়েল মোরেনো ওকাম্পোর নেতৃত্বে তিন সদস্যের একটি প্যানেল দুদকের তদন্ত পর্যবেক্ষণে দুই দফা ঢাকা সফর করে।
এই পর্যবেক্ষক প্যানেলের প্রতিবেদনের ওপরই নির্ভর করছে বহু প্রতীক্ষিত পদ্মা সেতু নির্মাণ, যা ক্ষমতাসীন আওয়ামী লীগের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি।
মামলার পর বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, এজহার খতিয়ে দেখে পর্যবেক্ষক দল এবিষয়ে তাদের প্রতিবেদন দেবে।
