২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে ভোট চলছে উৎসবের আমেজে

বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ ও গণনা শেষে পুলিশ কমিউনিটি হলে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে ঘোষণা করা হবে ফলাফল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2012, 04:54 AM

Updated : 24 Aug 2022, 12:39 PM

রংপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে ভোট দিচ্ছেন প্রায় সাড়ে তিন লাখ ভোটার। দেশের নবম এই সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নগরীজুড়ে সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ।

বৃহস্পতিবার সকাল ৮টায় সিটি করপোরেশন এলাকার ১৭৮টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। কনকনে শীতে উপেক্ষা করেই সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি দেখা যায়। সকাল থেকে কোথাও কোনো গোলোযোগের খবর পাওয়া যায়নি।

বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ ও গণনা শেষে পুলিশ কমিউনিটি হলে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে ঘোষণা করা হবে ফলাফল।

বিএনপি ও জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী না থাকলেও এই নির্বাচনে মেয়র পদে ১২ জন এবং কাউন্সিলর পদে ৪০৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য সব প্রস্তুতি আগেই নেয়া হয়েছে। সব কেন্দ্রে ভোট চলছে শান্তিপূর্ণভাবে।

ভোটের দিন এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৩ লাখ ৫৭ হাজার ৭৪২ জন ভোটার তাদের নগরকর্তা বেছে নিতে ভোট দিচ্ছেন এদিন। ভোটারদের মধ্যে পুরুষ ১ লাখ ৭৯ হাজার ১২৮ জন এবং নারী ১ লাখ ৭৮ হাজার ৬১৪ জন।

ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, মেয়র পদে নাগরিক কমিটির প্রার্থী আওয়ামী লীগ নেতা শরফুদ্দিন আহমেদ ঝন্টু এবং জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত মোস্তাফিজার রহমান মোস্তফার মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে তারা মনে করছেন।

মেয়র পদের অন্য প্রার্থীরা হলেন- গণমঞ্চের প্রার্থী বিএনপি নেতা কাওছার জামান বাবলা, জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত এবং তৃণমূল জাতীয় পার্টির মহানগর আহ্বায়ক আব্দুর রউফ মানিক, গণমঞ্চের কাওছার জামান বাবলা, নাগরিক মঞ্চের কাজী মাজিরুল ইসলাম লিটন, বাসদের আব্দুল কুদ্দুস ও ইসলামী আন্দোলন বাংলাদেশের এটিএম গোলাম মোস্তফা বাবু।

এছাড়া রয়েছেন ফিরোজ কবির চৌধুরী গুঞ্জন, ফারুখ আজিজ শাহীন, আলী হায়দার দুলু, মেহেদী হাসান বনি ও সাফিউর রহমান সফি।

রিটার্নিং ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার দপ্তর জানিয়েছে, সিটির ৩৩টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩১৭ জন এবং ১১টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯১ জন প্রার্থী হয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা জানান, ‘ঝুঁকিপূর্ণ’ ১০৪টি ভোট কেন্দ্রে ২৪ জন এবং সাধারণ কেন্দ্রে ২২ জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্বে রয়েছেন।

নির্বাচনী এলকার আইনশৃঙ্খলা রক্ষায় তিন শতাধিক র্যাণব, চার হাজার ১২৪ জন পুলিশ ও আনসার, দুই প্লাটুন বিজিবি, ৪৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ছয় জন বিচারিক ম্যাজিস্ট্রেট, ১২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সহায়ক কর্মকর্তা এবং নির্বাচন কমিশনের একটি পর্যবেক্ষক দল দায়িত্ব পালন করছেন।

প্রতিটি ভোট কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। আর ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন ভিজিলেন্স টিমের দায়িত্বে। ৫০টি কেন্দ্রে ভিডিও ক্যামেরা বসানো হয়েছে। ভোট কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

এ নির্বাচনে ১১ নম্বর ওয়ার্ডের চারটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হচ্ছে বলেও রিটার্নিং কর্মকর্তা মনিরুল জানান।

১৭৮ জন প্রিসাইডিং অফিসার, এক হাজার ৭০ জন সহকারী প্রিসাইডিং অফিসার এবং দুই হাজার ১৪০ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করছেন এ নির্বাচনে।