২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মাদুর্নীতি: সাত আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দুদকের

আসামিরা যেন দেশ ছাড়তে না পারে সেজন্যও পদক্ষেপ নিতে বলা হয়েছে বলে জানিয়েছেন দুদক কমিশনার এম সাহাবউদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2012, 07:09 PM

Updated : 24 Aug 2022, 12:39 PM

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগে করা মামলার সাত আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার এম সাহাবউদ্দিন।

এই মামলার প্রধান আসামি হলেন সেতু বিভাগের সাবেক সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। গত সোমবার মামলার পর এই সচিবকে ওএসডি করা হয়েছে।

অন্য ছয় আসামি হলেন- সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (নদী শাসন) কাজী মো. ফেরদৌস, সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী রিয়াজ আহমেদ জাবের, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্ট লিমিটেডের উপ ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশে কানাডীয় পরামর্শক প্রতিষ্ঠান এসএনসি লাভালিনের স্থানীয় প্রতিনিধি মোহাম্মদ মোস্তফা, এসএনসি-লাভালিনের সাবেক পরিচালক মোহাম্মদ ইসমাইল, এই সংস্থার আন্তর্জাতিক প্রকল্প বিভাগের সাবেক ভাইস প্রেসিডেন্ট রমেশ সাহ ও সাবেক ভাইস প্রেসিডেন্ট কেভিন ওয়ালেস।

মামলার দুদিন পর দুদক কমিশনার সাহাবউদ্দিন বুধবার সাংবাদিকদের বলেন, “গতকাল এনকোয়ারি টিম (তদন্ত দল) গঠন করা হয়েছে।গ্রেপ্তারের বিষয়ে ইতোমধ্যে তাদের বলা হয়েছে।”

গ্রেপ্তারের ক্ষেত্রে কোনো ধরনের বাধা যেন না আসে, সেজন্য ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।

আসামিদের দেশ ছাড়া ঠেকাতে কী পদক্ষেপ নেয়া হয়েছে- জানতে চাইলে দুদক কমিশনার বলেন, “এ বিষয়ে এনকোয়ারি টিমকে বলা হয়েছে যেন প্রপার স্টেপ নেয়।”

দীর্ঘ টানাপড়েনের পর ‘ঘুষ লেনদেনের ষড়যন্ত্রের’ অভিযোগে সাতজনের বিরুদ্ধে গত সোমবার মামলা করে দুদক।

দুদকের উপ পরিচালক আবদুল্লাহ আল জাহিদ বাদি হয়ে বনানী থানায় এ মামলা করেন।

পদ্মা প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠার পর সেতু বিভাগ থেকে সরিয়ে আনা হয় মোশাররফ হোসেনকে। তাকে দেয়া হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বিশেষ অর্থনৈতিক অঞ্চলের চেয়ারম্যানের দায়িত্ব।

পরে বিশ্ব ব্যাংকের শর্ত অনুযায়ী ছুটিতে পাঠানো হয় মোশাররফকে, মামলার পর ওএসডি করা হয় তাকে।

মামলায় অভিযোগ করা হয়েছে- “আসামিরা পারস্পরিক যোগসাজশে ঘুষ লেনদেনের ষড়যন্ত্র করার মাধ্যমে পদ্মা সেতু প্রকল্পের তদারকি পরামর্শকের কাজ এর অন্যতম দরদাতা এসএনসি লাভালিন ইন্টারন্যাশনালকে পাইয়ে দেয়ার ব্যবস্থা করে। এর মধ্য দিয়ে তারা দণ্ডবিধির ১৬১ এবং ১৯৪৭ সালের দুর্নতি প্রতিরোধ আইনে অপরাধ করেছেন, যা শাস্তিযোগ্য অপরাধ।”

এসএনসি লাভালিন ওই কার্যাদেশ পেলে ‘ঘুষ লেনদেন সম্পন্ন হতো’ বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

কানাডীয় কোম্পানি এসএনসি লাভালিনের দুই কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ ওঠার পর গত বছরের সেপ্টেম্বরে ২৯১ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে ১২০ কোটি ডলারের ঋণচুক্তি স্থগিত করে বিশ্ব ব্যাংক।

দুদক এরপর তদন্ত শুরু করলেও সরকারের সঙ্গে মতভেদ না কাটায় গত জুন মাসে ঋণচুক্তি বাতিল করে বিশ্ব ব্যাংক। এরপর সরকারের নানামুখী তৎপরতায় বিশ্ব ব্যাংক সিদ্ধান্ত বদলায়।

তাদের দেয়া শর্ত অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ আদালতের সাবেক প্রসিকিউটর লুইস গাব্রিয়েল মোরেনো ওকাম্পোর নেতৃত্বে তিন সদস্যের একটি প্যানেল দুদকের তদন্ত পর্যবেক্ষণে দুই দফা ঢাকা সফর করে।

দ্বিতীয় দফায় দুদক কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর মতানৈক্য নিয়ে বিশ্ব ব্যাংক পর্যবেক্ষকরা ফিরে যাওয়ার ১২ দিন পর মামলা করে দুদক।

এরপর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আশা প্রকাশ করেন, মামলার পর এখন বিশ্ব ব্যাংক প্রকল্পে অর্থ দেবে।

পর্যবেক্ষক প্যানেলের প্রতিবেদনের ওপরই নির্ভর করছে বহু প্রতীক্ষিত পদ্মা সেতু নির্মাণ, যা ক্ষমতাসীন আওয়ামী লীগের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি।

মামলার পর বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, এজহার খতিয়ে দেখে পর্যবেক্ষক দল এবিষয়ে তাদের প্রতিবেদন দেবে।

দুদক কমিশনার সাহাবউদ্দিন বুধবার আরো জানিয়েছেন, মামলার পরপরই এজহার বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ে দেয়া হয়। বুধবার তা ওয়াশিংটনে সংস্থার সদর দপ্তরেও পাঠানো হয়েছে।