জামায়াতে ইসলামীসহ সব ‘সাম্প্রদায়িক রাজনৈতিক দল’ নিষিদ্ধ করা এবং যুদ্ধাপরাধের বিচার দ্রুত শেষ করাসহ কয়েকটি দাবিতে সারা দেশে শান্তিপূর্ণ হরতাল পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ)।
প্রায় একই দাবিতে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল করেছে গণতান্ত্রিক বাম মোর্চাও।
এই বাম দলগুলোর কর্মীরা ভোর থেকেই দলীয় ও জাতীয় পতাকা নিয়ে রাজধানীর বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড মিছিল শুরু করেন। পল্টন থেকে প্রেসক্লব হয়ে শাহবাগ পর্যন্ত পুরো এলাকা থাকে সারাদিন সিপিবি ও বাসদ কর্মীদের নিয়ন্ত্রণে থাকে।
ভোর ৬টার দিকেই পুরানা পল্টন সিপিবি কেন্দ্রীয় কার্যালয় এবং তোপখানা রোড বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দুটি মিছিল বের হয়। কাছাকাছি সময়ে বাসদের একটি মিছিলও্ পল্টন, দৈনিক বাংলা, প্রেসক্লাব এলাকা প্রদক্ষিণ করে। এরপর সারা দিন চলতে থাকে খণ্ড খণ্ড মিছিল ও সমাবেশ্
প্রগতিশীল ছাত্রজোট কর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে প্রতিবাদী গান, সমাবেশ ও খণ্ড মিছিল করে। হরতালের সমর্থনে মিছিল হয় পুরান ঢাকা ও মিরপুরসহ দেশের বিভিন্ন স্থানে।
গাজীপুর ও আশুলিয়া শিল্পাঞ্চলের শ্রমিকরাও হরতালকারীদের সঙ্গে যোগ দিয়ে সমাবেশ ও মিছিলে অংশ নেন। চট্টগ্রাম, সিলেট, রাজশাহীসহ সারা দেশেই হরতাল পালিত হয় বড় কোনো গোলোযোগ ছাড়াই।
সারাদিন আন্তঃজেলা বাস বন্ধ থাকলেও সন্ধ্যার পর বিভিন্ন গন্তব্যে বাস ছেড়ে যেতে শুরু করে। তবে ট্রেন চলাচল সারাদিনই স্বাভাবিক ছিল বলে রেল কর্তৃপক্ষ জানায়।
হরতাল ‘সফল’
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট এবং তাদের শরিক দল জামায়াতে ইসলামীর ‘সহিংস’ হরতালের পর বাম সংগঠনগুলোর এই হরতালের চিত্র অনেকটাই ‘অন্যরকম’ বলে মনে হয়েছে নগরবাসীর কাছে। সকাল থেকে রাজধানীর বিভিন্ন মোড়ে পুলিশ দেখা গেলেও কোথাও বড় কোনো গোলোযোগের খবর পাওয়া যায়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর জানিয়েছেন, কেবল রমনায় ইউবিএল ক্রসিংয়ে একটি লেগুনার কাচ ভাঙার ঘটনা ছাড়া সারাদেশে কোথাও কোনো ‘বিশৃঙ্খলা’ ঘটেনি।
শান্তিপূর্ণভাবে হরতাল পালন করায় কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও বাম মোর্চার নেতা-কর্মীদের ধন্যবাদও জানিয়েছেন তিনি।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম হরতাল চলাকালে রাজধানীর পল্টন এলাকায় সাংবাদিকদের বলেন, “ঢাকা শহরে বোমা ফাটিয়ে এবং গাড়িতে আগুন দিয়ে বিএনপি-আওয়ামী লীগ এর আগে যেসব হরতাল করেছে তার চেয়ে অনেক অনেক সফল হরতাল হচ্ছে। মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন এবং সহানুভূতির ভিত্তিতেই আমরা এ হরতাল সফল করতে পেরেছি।”
বিকালে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষণা করেন সেলিম। জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে চলমান আন্দোলন অব্যহত রাখার ঘোষণা দিয়ে তিনি জানান, আগামী ২৮ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ-সমাবেশ করবে সিপিবি-বাসদ। ওইদিনই আসবে নতুন কর্মসূচি।
এছাড়া আগামী ৩ থেকে ৭ জানুয়ারি দেশব্যাপী ‘জাগরণ অভিযান’ পারিচালনা করবে এ দুটি দল। এর অংশ হিসাবে নেতাকর্মীরা পাঁচটি ভাগে ভাগ হয়ে বিভিন্ন জেলায় ২৬টি জনসভা, ৫১টি সমাবেশ এবং পথসভা করবেন।
সেলিম দাবি করেন, হরতালকে কেন্দ্র করে সারাদেশে পুলিশ-র্যা ব তাদের ২০ কর্মীকে আটক করেছে। এছাড়া ‘যুবলীগ ও ছাত্রলীগ কর্মীদের হামলায়’ ১৫ জন আহত হয়েছেন।
বরিশাল, মাগুরা, নেত্রকোনা, গাজীপুর, আশুলিয়া, নরসিংদী, সুনামগঞ্জ, মৌলভীবাজার, যশোর ও বরগুনা জেলায় হরতালকারীদের ওপর ‘সরকারদলীয় কর্মীরা’ হমলা করে বলে সাংবাদিকদের জানান বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান।
সকালে ‘অচল’ রাজধানী
হরতালের প্রথমভাগে সড়কে বাস চলাচল ছিল একেবারেই কম। অন্য হরতালের সময় বিআরপিসির বাস চললেও এদিন তেমনটা দেখা যায়নি।
তবে দুপুরের পর থেকে রাস্তায় যান চলাচল বাড়তে থাকে। এছাড়া সারাদিনই রিকশা ও অটোরিকশা চলতে দেখা যায়। শিক্ষাপ্রতিষ্ঠান ও অধিকাংশ দোকানপাটও এদিন বন্ধ থাকে।
বাস না পাওয়ায় বিভিন্ন মোড়ে দীর্ঘ সময় যানবাহনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় অফিসগামী যাত্রীদের। প্রেসক্লাব, বাংলা মোটর ও রূপসীবাংলা মোড়ে যানবাহন চালকদের বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দেয় পুলিশ। শাহবাগ ও পল্টন এলাকায় রাস্তায় বাঁশ ফেলে প্রতিবন্ধকতা দিয়ে অন্য সড়কে ঘুরিয়ে দেয়া হয় যানবাহন।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী নিজের দপ্তরে সাংবাদিকদের বলেন, “হরতাল একটি ব্যতিক্রমী কর্মসূচি। এ ধরণের কর্মসূচি যাতে জনগণের জীবনে বিরূপ অবস্থার সৃষ্টি না করে সেজন্য পুলিশ বাহিনী কাজ করেছে।”
রূপসী বাংলা হোটেলের সামনে রমনা থানার এস আই ইব্রাহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সামনে হরতালকারীরা আছে। কোনো ধরনের গোলোযোগ যাতে না হয় সে জন্যই আমরা যানবাহনকে বিকল্প সড়কে যেতে অনুরোধ করছি।
হরতালের কারণে সকালে গাবতলী, মহাখালী ও যাত্রাবাড়ী থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে কমলাপুর স্টেশনে ট্রেন চলাচল ছিল স্বাভাবিক।
ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট এস এম শুভ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হরতালের আগে সোমবার পরিবহন মালিক-শ্রমিকদের ৩৪টি সংগঠনের সঙ্গে বসে তারা তাদের দাবির বিষয়গুলো তুলে ধরেছেন। এ কারণে এসব সংগঠনও হরতালে সমর্থন দিয়ে গাড়ি বন্ধ রেখেছে।
পতাকা আর প্রতিবাদী গান
হরতালে বিভিন্ন স্থানে বাম দলগুলোর কর্মীদের বড় বড় জতীয় পতাকা হাতে নিজেদের দাবিগুলোর বিষয়ে জনগণকে বোঝাতে দেখা যায়। প্রগতিশীল ছাত্রজোট কর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সমাবেশের ফাঁকে ফাঁকে ঢোল ও গিটার বাজিয়ে প্রতিবাদী গান পরিবেশন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জগন্নাথ হল শাখার দপ্তর সম্পাদক নয়ন দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশের স্বাধীনতার প্রতীক এই জাতীয় পতাকা। তাই এই পতাকা হাতেই স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আমরা হরতাল করছি। এখন এ পতাকা হাতেই স্বাধীনতা বিরোধী শক্তির বিচারের দাবিতে দেশবাসীকে এক করতে হবে।”
পল্টন এলাকায় সিপিবি সদস্য মন্টি বলেন, “এ পতাকা বিজয়ের প্রতীক। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে জাতীয় পতাকা হাতে হরতাল পালন করতে এসেছি। এটি স্বাধীনতার বিপক্ষ শক্তির বিরুদ্ধে পথ চলতে সাহস জোগায়।”
হরতালে ফার্মগেট এলাকায় বাসের অপেক্ষায় থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নাহিদুজ্জামান সেন্টু বলেন, “দেশের প্রচলিত জ্বালাও পোড়াও গাড়ি ভাংচুরের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে হরতাল সমর্থরা আজ জনগণের কাছে লিফলেটের মাধ্যমে নিজেদের দাবিগুলো তুলে ধরেছে। এটি ভালো লেগেছে।”
গ্রেপ্তার শীর্ষ নেতাদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে জামায়াতে ইসলামী গত ৪ ডিসেম্বর সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল করে। একই দাবিতে বিভিন্ন কর্মসূচি থেকে গত প্রায় দেড়মাস ধরে দেশে বিভিন্ন স্থানে পুলিশের ওপর হামলা চালিয়ে আসছে তারা। আইনমন্ত্রীর গাড়িও তাদের হামলার শিকার হয়েছে।
সিপিবি ও বাসদের অন্য দাবিগুলো হলো- যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করা, তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের জন্য দায়ী মালিক পক্ষ ও সরকারি কর্মকর্তাদের গ্রেপ্তার ও শাস্তি দেয়া, গার্মেন্টসহ সব শিল্প-কারখানায় আইন অনুযায়ী কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করা, শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার ও ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং বিদ্যুৎ বিল, গাড়ি ভাড়াসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো ও বিশ্ব ব্যাংকের পরামর্শে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পাঁয়তারা বন্ধ করা।
আর গণতান্ত্রিক বাম মোর্চার দাবির মধ্যে আছে- জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণা প্রত্যাহার ও বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি বন্ধ, শ্রমিক হত্যাকাণ্ডের জন্য দায়ী সব মালিক ও কর্মকর্তাদের গ্রেপ্তার করে সব কারখানায় নিরাপদ পরিবেশ নিশ্চিত ও ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করা, যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত ও ধর্মের রাজনৈতিক ব্যবহার বন্ধ, বাড়ি ভাড়া বৃদ্ধি নিয়ন্ত্রণ ও রেল এবং গাড়ি ভাড়া কমানো, দুর্নীতি বন্ধ করে লোপাট করা অর্থ উদ্ধার, সম্পদ পাচারকারী ও দুর্নীতিবাজদের বিচার নিশ্চিত করা, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ, রামপাল বিদ্যুত প্রকল্প বাতিল ও এশিয়া এনার্জিকে বহিষ্কার করে ফুলবাড়ি চুক্তি বাস্তবায়ন।
bdnews24