ঢাকা, ১০ ডিসেম্বর (বিডিনিউজ টেটায়েন্টিফোর ডটকম)- বিরোধী দলের হরতালে আগের দিন রাজধানীর খিলগাঁও ও গ্রিনরোডে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ফরহাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সন্ধ্যা ৬টার দিকে খিলগাঁও চৌরাস্তায় একটি বাসে আগুন দেয়া হয়।
খবর পেয়ে অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে বলে জানান তিনি।
প্রায় একই সময়ে গ্রিনরোড-পন্থপথ ক্রসিংয়ে অন্য একটি বাসে আগুন দেয়া হয় বলে শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক আতাউর রহমান জানান।
রোববার বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অবরোধ কর্মসূচি চলাকালে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শতাধিক গাড়ি ভাংচুর করা হয়।
অবরোধে ‘পুলিশ ও সরকার সমর্থকদের’ হামলার অভিযোগ এনে মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দলীয় জোট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১৮৪৫ ঘ.
bdnews24