২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শপথ নিলেন চার বিচারপতি

সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের বিচারক হিসাবে শপথ নিয়েছেন স্থায়ী নিয়োগ পাওয়া চার বিচারপতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2012, 06:08 AM

Updated : 24 Aug 2022, 12:38 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের বিচারক হিসাবে শপথ নিয়েছেন স্থায়ী নিয়োগ পাওয়া চার বিচারপতি। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন সোমবার সুপ্রিম কোর্ট মিলনায়তনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিচারপতি ভবানী প্রসাদ সিংহ, বিচারপতি আনোয়ারুল হক, বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালকে একে একে শপথ বাক্য পড়ান। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার একেএম সামসুল ইসলাম শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাই কোর্ট বিভাগের বিপুল সংখ্যক বিচারক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গত দুই বছর অতিরিক্ত বিচারক হিসাবে কাজ করে আসা এই বিচারকদের মধ্যে বিচারপতি আনোয়ারুল হক বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাাইব্যুনালে কর্মরত আছেন। বাকি তিন বিচারক হাই কোর্ট বিভাগে কর্মরত। তাদের স্থায়ী নিয়োগের বিষয়টি জানিয়ে রোববার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শপথের দিন থেকে তাদের নিয়োগের আদেশ কার্যকর হবে। এই চার বিচারপতি হাই কোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসাবে শপথ নেন ২০১০ সালের ১২ ডিসেম্বর। তাদের নিয়ে হাই কোর্ট বিভাগে মোট স্থায়ী বিচারপতির সংখ্যা দাঁড়াল ৮১ জনে। হাই কোর্টে আরো ১৬ জন অতিরিক্ত বিচারপতি রয়েছেন। সংবিধান অনুসারে দুই বছরের জন্য হাই কোর্টে অতিরিক্ত বিচারক নিয়োগ দেওয়া হয়। মেয়াদ পূর্ণ হলে তাদের স্থায়ী করা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১২০৫ ঘ.