বেনাপোল, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত থেকে আসার সময় বেনাপোল সীমান্তে নয় জন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।
রোববার সীমান্তের সাদিপুর এলাকা থেকে তাদের আটক করা হয় বলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে।
যশোর বিজিবি’র ২৬ ব্যাটালিয়নের বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এরা অবৈধপথে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকছিল।
আটকের সময় তাদের সঙ্গে থাকা দালাল পালিয়ে যায় বলে বিজিবি কর্মকর্তা জানান।
আটকরা হলেন হাসু (১৭), বিষ্ণু (২০), স্বপন (৩০), মনরঞ্জন বিশ্বাস (২৪), সুজন কর্মকার (৩০), আব্দুর রহিম (২০), নাজমুল বিশ্বাস (১৭), হায়দার আলী (২৫) ও সোহারাব উদ্দীন (৩০)।
এদের বাড়ি যশোর, খুলনা ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলে।
বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক মতিয়ার রহমান বলেন, আটকদের থানায় সোপর্দ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/২১৩০ ঘ.
bdnews24