২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে সংঘর্ষের সময় একজনের মৃত্যু

সিরাজগঞ্জে বিরোধী দলের অবরোধ কর্মসূচি চলাকালে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছেন। তাকে ওয়ার্ড জামায়াতের নেতা বলে দাবি করেছে জেলা জামায়াতে ইসলামী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2012, 06:55 AM

Updated : 24 Aug 2022, 12:38 PM

সিরাজগঞ্জ, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলের অবরোধ কর্মসূচি চলাকালে সিরাজগঞ্জের এনায়েতপুরে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে, যাকে ওয়ার্ড জামায়াতের নেতা দাবি করেছে স্থানীয় জামায়াতে ইসলামী। জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা শাহিনুর আলম জানান, নিহত ওয়ারেস আলী (৫৫) এনায়েতপুরের জালালপুর ইউনিয়নের ওয়ার্ড আমীর। তার বাড়ি সৈয়দপুর গ্রামে। রোববার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সকাল ১১টায় ছাত্রলীগ নেতাকর্মীরা অবরোধ কর্মসূচি থেকে ফিরতে থাকা জামায়াত নেতাকর্মীদের ওপর অতর্কিতে হামলা চালালে ২০ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে জামায়াত-শিবিরের ১০ নেতা-কর্মীকে আটক করেছে বলে তিনি দাবি করেন। বেলকুচি উপজেলা জামায়াতের আমীর আরিফুল ইসলাম সোহেল দাবি করেন, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে হামলা চালায়। তাদের লাঠির আঘাতে ওয়ারেস আলী মারা যান। এনায়েতপুর থানার ওসি ওয়াহেদুজ্জামান জানান, সংঘর্ষের পর আহত ওয়ারেস আলীকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার স্বজনরা লাশ নিয়ে গেছে। এ ব্যাপারে কোনো মামলা হয়নি। তবে পুলিশ কোনো জামায়াতকর্মীকে আটক করেনি বলে তিনি দাবি করেন। এনায়েতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশিদুল হাসান সিরাজ বলেন, “এটি একটি বিচিছন্ন ঘটনা। আমাদের দলের সঙ্গে এর কোনো সম্পৃক্ততা নেই।” সিরাজগঞ্জে বিরোধী দলের অবরোধ কর্মসূচির শুরুতেই মহাসড়কে প্রায় ৫০টি যানবাহন ভাংচুর করেছে ১৮ দলের নেতাকর্মীরা। পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/১২৪০ ঘ.