নাটোর ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোর সদর উপজেলায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকসহ দুই জন নিহত হয়েছে।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার গাজিরবিল এলাকায় নাটোর-বনপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নাটোর সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যাত্রীবাহী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ছোট ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালক ও তার সহকারী গুরুতর আহত হয়।
খবর পেয়ে স্থানীয় দমকল কর্মীরা আহতদের নাটোর সদর হাসপাতালে নেয়ার পর তাদের মৃত্যু হয়।
নিহতের পরিচয় জানা যায়নি বলে জানান ওসি।
দুর্ঘটনার পর বাসটি নিয়ে চালক পালিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪১৪ ঘ.
bdnews24