চট্টগ্রাম, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ছয় ছাত্রলীগ কর্মীসহ সাত শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার চুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক ড. আশুতোষ সাহা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসে মারামারি ও নিয়ম-শৃঙ্খলা বর্হিভূত বিভিন্ন ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদেরকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়।
এর আগে গত ৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির ১১৩তম সভায় তাদের বহিষ্কারের সিদ্ধান্ত হয়।
নগর ও পরিকল্পনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোবাশ্বারুল ইসলাম পাভেল, তড়িৎকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের নাইমুল আলম মজুমদার ও কম্পিউটার কৌশল বিভাগের চতুর্থ বর্র্ষের মো. আসিফুর রহমান জীবনকে শিক্ষা কার্যক্রম ও হল থেকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
কম্পিউটার কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের রাফাত আল মেহেদীকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও হল থেকে বহিষ্কার করাসহ এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কম্পিউটার কৌশল বিভাগের চতুর্থ বর্ষের সৈয়দ তাসনীম আহসান রানাকে ছয় মাসের জন্য শিক্ষা কার্যক্রম ও হল থেকে বহিষ্কার করা হয়।
যন্ত্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের এন এ নাহিনকে ছয় মাসের জন্য শিক্ষা কার্যক্রম ও এক বছরের জন্য হল থেকে বহিষ্কার করা হয়।
এরা সবাই ছাত্রলীগের কর্মী।
এছাড়া তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের চতুর্থ বর্ষের মাহমুদুল হাসান রাসেলকে শিক্ষা কার্যক্রম ও হল থেকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়।
বহিষ্কৃতরা বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান বরাবর আপিল করতে পারবেন। এক্ষেত্রে আপিলের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত শাস্তি কার্যকর থাকবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।
চুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক ড. আশুতোষ সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শৃঙ্খলা বহির্ভূত বিভিন্ন ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে সাত শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
গত অক্টোবরে এক সাধারণ শিক্ষার্থীকে ছাত্রলীগের নেতাকর্মীরা পেটানোর পর ক্যাম্পাস উত্তেজনা দেখা দেয়। এর জের ধরে গত ১০ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এসইউ/১৯৪৯ ঘ.
bdnews24