২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিক্টোরিয়া কলেজে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ আহত ৫

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে স্নাতক প্রথম বর্ষের ভর্তিচ্ছুদের স্বাগত জানিয়ে মিছিল করতে গিয়ে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগ ও ছাত্রদল কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2012, 09:42 AM

Updated : 24 Aug 2022, 12:37 PM

কুমিল্লা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে স্নাতক প্রথম বর্ষের ভর্তিচ্ছুদের স্বাগত জানিয়ে মিছিল করতে গিয়ে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগ ও ছাত্রদল কর্মীরা। শুক্রবার সকাল সোয়া ১০টার পর দুই পক্ষের সংঘর্ষের সময় কয়েক রাউন্ড গুলি বিনিময় হয় বলেও প্রত্যক্ষদর্শীরা জানান। এ ঘটনায় অন্তত একজন গুলিবিদ্ধ ও আরো চারজন আহত হয়েছেন। আহত ছাত্রলীগ কর্মী রিমন, এখলাছ, হাসান, শাহপরান ও উজ্জ্বলকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কামরুল ইসলাম বলেন, “আহতদের মধ্যে রিমনের পেটে গুলি লেগেছে। তবে সে আশঙ্কা মুক্ত।” কোতোয়ালী মডেল থানার ওসি মহিউদ্দিন মাহমুদ জানান, সংঘর্ষের পর ক্যাম্পাসে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কাশেম মিয়া বলেন, “মারামারি হয়েছে ক্যাম্পাসের বাইরে। সকাল ১০ থেকে ১২ পর্যন্ত ভর্তি পরীক্ষায় কোনো সমস্যা হয়নি।” সংঘর্ষের সময় উভয় পক্ষ আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে পরস্পরকে ধাওয়া করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫৩২ ঘ.