ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় ১০ ডিসেম্বর থেকে যুক্তিতর্ক উপস্থাপন করবে প্রসিকিউশন বিভাগ।
বৃহস্পতিবার বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই তারিখ ঠিক করে দেয়।
আসামি পক্ষের ষষ্ঠ ও শেষ সাক্ষী ট্রাইব্যুনালে হাজির না থাকায় যুক্তিতর্ক শুনানির তারিখ নির্ধারণ করে আদালত। তবে ট্রাইব্যুনাল বলেছে, আসামি পক্ষ ৯ ডিসেম্বর ষষ্ঠ সাক্ষীকে আদালতে হাজির করতে পারলে তার জবানবন্দি নেয়া হবে।
এর আগে দুপুর ১২টার দিকে আসামি পক্ষের পঞ্চম সাক্ষী সাফিউদ্দিন মোল্লার জেরা শেষ হয়। জেরায় তিনি স্বীকার করেন, তিনি এক সময় মিরপুর থানা যুবদলের আহ্বায়ক ছিলেন।
জেরার প্রসিকিউটর মোহাম্মদ আলী সাক্ষীকে বলেন, “বিএনপি-জামায়াত এখন জোটবদ্ধ হয়ে রাজনীতি করছে। বিএনপি ও জামায়াতের নেতাদের পরামর্শে ও নির্দেশে আপনি জামায়াতের নেতাকে বাঁচাতে সাক্ষ্য দিচ্ছেন।”
জবাবে সাফিউদ্দিন মোল্লা বলেন, “ইহা সত্য নয়।”
এ মামলায় এই পর্যন্ত আসামি কাদের মোল্লার পক্ষে সুশীল চন্দ্র ম-ল, মোসলেম উদ্দিন মাস্টার, মোছা. সাহেরা ও আলতাব উদ্দিন মোল্লার সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন ১২ জন।
একাত্তরে হত্যা, গণহত্যা, ষড়যন্ত্র, অগ্নি সংযোগ ও লুটপাটের ছয়টি ঘটনায় অভিযুক্ত করে আব্দুল কাদের মোল্লার বিচার শুরুর আদেশ গত ২৮ মে দেয় ট্রাইব্যুনাল। এর পর ২০ জুন শুরু হয় সাক্ষ্যগ্রহণ।
এর আগে গত বছরের ১ নভেম্বর এই জামায়াত নেতার বিরুদ্ধে জমা দেয়া তদন্ত প্রতিবেদনে হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনে প্রসিকিউশন। এরপর ২৮ ডিসেম্বর অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
কাদের মোল্লার বিরুদ্ধে প্রসিকিউশন যেসব ঘটনা তুলে ধরেছে তার মধ্যে রয়েছে- পল্লবীর আলোকদি গ্রামে ৩৪৪ জনকে হত্যা, খন্দকার আবু তালেবকে হত্যা, বাংলা কলেজের ছাত্র পল্লবসহ সাত জনকে হত্যা, কেরানীগঞ্জের শহীদনগর গ্রামের ভাওয়াল খান বাড়ি ও খাটারচরসহ পাশের আরো দুটি গ্রামের অসংখ্য লোককে হত্যার ঘটনা রয়েছে।
ওইসব ঘটনার স্থান হিসেবে মিরপুর ১২ নম্বর থেকে মিরপুর ১ নম্বরসহ শাহ আলীর মাজার পর্যন্ত এবং ঘটনার সময় হিসেবে একাত্তর সালের ২৫ মার্চ থেকে ওই বছরের ১৬ ডিসেম্বর পর্যন্ত ধরা হয়েছে।
গত ৭ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। মামলাটি দ্বিতীয় ট্রাইব্যুনালে স্থানান্তর করার পর গত ১৬ মে অভিযোগ গঠনের বিষয়ে পক্ষে-বিপক্ষে শুনানি শেষ হয়।
মুক্তিযুদ্ধকালে মোস্তফা নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে ২০০৭ সালের ১৭ ডিসেম্বর কাদের মোল্লাসহ কয়েকজন জামায়াত নেতার বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় একটি মামলা হয়। এছাড়া ২০০৮ সালে পল্লবী থানায় আরো একটি মামলা হয় কাদেরের বিরুদ্ধে। এই মামলাতেই ২০১০ সালের ১৩ জুলাই তাকে গ্রেপ্তার করা হয়।
এদিকে একই ট্রাইব্যুনালে বৃহস্পতিবার জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অষ্টম সাক্ষী মীর লুৎফর রহমানকে আসামি পক্ষের আইনজীবী সৈয়দ মিজানুর রহমান জেরা করেন।
এদিন রাষ্ট্রপক্ষের নবম সাক্ষী নারায়ণ চন্দ্র সরকার এ মামলায় সাক্ষ্য দেন।
আসামি পক্ষের আইনজীবী নজরুল ইসলাম এ মামলার পরবর্তী তারিখ জানুয়ারি মাসে নির্ধারণের জন্য মৌখিক আবেদন করলেও ট্রাইব্যুনাল তা গ্রহণ না করে ১৩ই ডিসেম্বর মামলার পরবর্তী তারিখ ঘোষণা করেন।
বৃহস্পতিবার এছাড়াও ‘বাচ্চু রাজাকার’ নামে পরিচিত আবুল কালাম আযাদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ১৪ ও ১৫ নম্বর সাক্ষী সাক্ষ্য দেন। তারা হলেন- বিনোদ চন্দ্র বিশ্বাস ও প্রমোদ কুমার সরকার।
ট্রাইব্যুনাল ৯ ডিসেম্বর এ মামলার শুনানির পরবর্তী তারিখ ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএম/এইচএএইচ/এমআই/২২৪৫ ঘ.
bdnews24