২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকাতির পর গণপিটুনি, নিহত ১

গাজীপুর সদরের পূবাইলে এক বাড়িতে ডাকাতির পর গণপিটুনিতে সন্দেহভাজন এক ডাকাতের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2012, 05:30 AM

Updated : 24 Aug 2022, 12:37 PM

গাজীপুর, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদরের পূবাইলে এক বাড়িতে ডাকাতির পর গণপিটুনিতে সন্দেহভাজন এক ডাকাতের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে পূবাইলের ডেমোরপাড়া এলাকায় এ ঘটনায় আহত আরো সাতজনকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। পুলিশ পিটুনিতে নিহতের পরিচয় জানাতে পারেনি। তবে তার বয়স আনুমানিক ২৮ বছর। আহতদের মধ্যে ফারুক (২০), আলামিন (২৮), আক্তার হোসেন (২৯), রনি (২৭) ও মোহাম্মদ আলী ওরফে রিপন শাহর (২৯) নাম জানা গেছে বলে জানিয়েছেন পূবাইল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মিস্টার আলী। তিনি জানান, ভোররাতে ডেমোরপাড়ার প্রবীণ মণ্ডলের বাড়িতে হানা দেয় একদল ডাকাত। ডাকাতি শেষে পালিয়ে যাবার সময় এলাকাবাসী সন্দেহভাজন ৮ ডাকাতকে ধরে পিটুনি দেয়। তাদের আহত অবস্থায় উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। প্রবীণ মণ্ডল দাবি করেন, ডাকাতরা তার বাড়ি থেকে ৫ ভরি স্বর্ণালঙ্কার লুট করেছে। গাজীপুরের পুলিশ সুপার বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় সকাল সাড়ে ১০টা পর্যন্ত কোনো মামলা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১১২০ ঘ.