নারায়ণগঞ্জ, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত শীর্ষ নেতাদের মুক্তি দাবিতে জামায়াতের ডাকা দিনব্যাপী হরতালের শেষ বেলায় নারায়ণগঞ্জে আরেকটি বাসে আগুন দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের সদর উপজেলার ফতুল্লার দাপা এলাকায় মুখোশধারী ৮/১০ জন যুবক আনন্দ পরিবহণের একটি বাস ভাংচুর করে পেট্রোল ঢেলে আগুন দেয় তারা।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ভূঁইগড় দেলপাড়া এলাকায় নারায়ণগঞ্জগামী বন্ধন পরিবহণের একটি বাসে আগুন ধরিয়ে দেয় শিবিরকর্মীরা।
বিকেলের ঘটনার সত্যতা স্বীকার করে ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মতিন জানান, এতে ওই সড়কে যান চলাচল আধা ঘণ্টা বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিসকর্মীরা গিয়ে আগুন নেভায়।
“আগুনে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছে।”
জেলা পুলিশ সুপার শেখ নাজমুল আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। র্যাব ও পুলিশ মোতায়েন রয়েছে।
“বাসে আগুন দেয়ার ঘটনায় শিবিরের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৭০৬ ঘ.
bdnews24