নারায়ণগঞ্জ, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের ফতুল্লার শিবুমাকের্টে শ্রমিক অসন্তোষের ঘটনায় রূপসী গার্মেন্টস লে-অফ ঘোষণা করায় শ্রমিকরা বিক্ষোভ করেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বিক্ষোভের এক পর্যায়ে তারা ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড অবরোধের চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
কয়েকদিনের শ্রমিক অসন্তোষের কারণে ফতুল্লার শিবু মার্কেট এলাকার রূপসী গার্মেন্টস মঙ্গলবার থেকে অনির্দিষ্টালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
শিল্প পুলিশ-৪ এর পরিচালক মাহবুব আলম জানান, কারখানা লে-অফ ঘোষণা করায় শ্রমিকরা জড়ো হওয়ার চেষ্টা করলেও তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে।
“শ্রমিকরা কোন কারণ ছাড়াই অযৌক্তিক দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করে আসছে। কারখানার অনেক টাকার মালামাল নষ্ট করেছে শ্রমিকরা।”
এদিকে, ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মতিন জানান, কারখানার মালিকপক্ষের হয়ে স্থানীয় ঝুট ব্যবসায়ী রাসেল শ্রমিকদের উপর হামলা চালালে পুলিশ তাকে আটক করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে কারখানা বন্ধের নোটিশ দেখে উত্তেজিত হয়ে পড়ে।
তারা কারখানার সামনে বিক্ষোভ করে। এক পর্যায়ে তারা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধের চেষ্টা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২২৯ ঘ.
bdnews24