ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর ডাকা মঙ্গলবারের হরতালে পুলিশ এবার বাড়তি সতর্ক ব্যবস্থা নিয়েছে।
এজন্য ইউনিফর্ম পরা পুলিশ ছাড়াও সাদা পোশাকের বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হবে।
যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্ত দলের শীর্ষ নেতাদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।
ঢাকা মহানগর পুলিশের দক্ষিণ বিভাগের উপ কমিশনার আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জামাত-শিবিরের সাম্প্রতিক হামলার কথা মাথায় রেখে তাদের ডাকা হরতালের দিন পুলিশের দায়িত্ব বন্টন করা হচ্ছে।
দেশের প্রধান দুটি রাজনৈতিক দল হরতাল ডাকলে বিশেষ করে তাদের কেন্দ্রীয় কার্যালয় ঘিরে পুলিশ এবং সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নেতাকর্মীদের তৎপরতা লক্ষ্য করা যায়।
জামায়াতের হরতালের দিন পরিস্থিতি মোকাবেলায় কী পদক্ষেপ নেয়া হচ্ছে জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় এবং পল্টনে মহানগর কার্যালয়ের আশপাশে বাড়তি পুলিশ মোতায়েন থাকবে। তবে এর বাইরেও পুলিশ বিশেষ ব্যবস্থা নেবে।
অন্য রাজনৈতিক দলের হরতালের চেয়ে পুলিশ এবার বাড়তি সতর্কাবস্থায় রয়েছে উল্লেখ করে উপ-কমিশনার আনোয়ার হোসেন জানান, জামায়াত-শিবিরের এলাকা হিসেবে রাজধানীর কিছু চিহ্নিত এলাকা ছাড়াও তাদের কিছু প্রতিষ্ঠানও রয়েছে। এগুলোতে নজরদারি ছাড়াও বাড়তি টহল পুলিশ মোতায়েন করা হবে। কিছু কিছু জায়গায় উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ রির্জাভ রাখা হবে।
কোন ঘটনা ঘটলে ওই রির্জাভ ফোর্সের সদস্যরা যেন খুব অল্প সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছতে পারে সেজন্য তাদেও প্রস্তুত রাখা হবে।
মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় বিঘœ ঘটতে পারে এমন যে কোনো কর্মকা- কঠোর হাতে দমন করা হবে বলেও জানান তিনি।
শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে নভেম্বর মাসের শুরু থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের ওপর হামলা ও ভাঙচুর চালিয়ে আসছে জামায়াত-শিবির। সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারে আইনমন্ত্রী শফিক আহমেদের গাড়িবহরও তাদের হামলার মুখে পড়ে। এছাড়া জয়পুরহাটে এক পুলিশ সদস্যের গায়ে আগুন দেয় ছাত্রশিবিরের কর্মীরা।
এসব ঘটনায় এ পর্যন্ত দেড়শতাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে প্রায় তিন হাজার জামায়াত কর্মীকে।
একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর সাবেক ও বর্তমান আমীরসহ শীর্ষ আট নেতার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এইচএ/২২১৭ ঘ.
bdnews24