নারায়ণগঞ্জ, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সন্দেহভাজন জামায়াত-শিবির নেতাকর্মীদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করে নারায়ণগঞ্জ শহরে পোস্টার লাগিয়েছে পুলিশ।
সোমবার সকালে লাগানো পোস্টারে জামায়াত-শিবিরের ৪২ নেতাকর্মীর ছবি দিয়ে তাদের ধরিয়ে দেয়া এবং পুলিশকে তাদের সম্পর্কে তথ্য দিতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
১৯ নভেম্বর মানবতাবিরোধী অপরাধে আটক জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাসহ অন্যদের মুক্তির দাবিতে করা মিছিল থেকে শহরের দুই নম্বর রেলগেইট এলাকায় পুলিশের উপর হামলা চালানোর অভিযোগ রয়েছে দলটির সমর্থকদের বিরুদ্ধে।
ওই হামলায় ১০ পুলিশ সদস্য আহত হয় এবং মিছিলকারীরা পুলিশের পিকআপভ্যানে ভাংচুর ও আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় পুলিশ মডেল থানায় দুটি মামলা করে। হামলার ঘটনায় জেলা জামায়াতে ইসলামীর আমির মাঈনউদ্দিনসহ ৮০ জনকে গ্রেপ্তার করা হয়।
মিছিলের ভিডিও ফুটেজ ও ছবি দেখে অনেককে চিহ্নিত করা হলেও তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। তাদের চিহ্নিত করতেই এ ছবি সম্বলিত পোস্টার সাঁটানো হয়েছে বলে জানান সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৪২ জনকে ধরিয়ে দেয়া, তাদের পরিচয় ও সম্পর্কিত তথ্য মডেল থানা পুলিশকে প্রদানকারীকে পুরস্কার দেয়া এবং তার পরিচয় গোপন রাখা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯৩৮ ঘ.
bdnews24