ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের ‘প্রকৃত পরিচয়’ নির্ধারণে একটি কমিটি গঠনের সুপারিশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন।
সোমবার কমিশনের সচিব মো. তাজুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অগ্নিকা-ে নিহত যেসব শ্রমিককে সনাক্ত করা সম্ভব হয়নি তাদের ‘বেওয়ারিশ’ উল্লেখ করায় উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন।
গত ২৪ নভেম্বর সন্ধ্যায় আশুলিয়ার নিশ্চিন্তপুরে তুবা গ্রুপের তৈরি পোশাক কারখানা তাজরিন ফ্যাশনসে স্মরণকালের ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে অন্তত ১১০ জন শ্রমিকের মৃত্যুর হিসাব জানিয়েছে সরকার। এর কারণ খতিয়ে দেখতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রশাসন, ফায়ার ব্রিগেড ও পুলিশের পক্ষ থেকে আলাদা কমিটি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি তৈরি পোশাক শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট লাখ লাখ হতদরিদ্র মানুষের জীবন ও নিরাপত্তা কিছুতেই উপেক্ষার বিষয় হতে পারে না। প্রতিটি কর্মীর জন্য নিরাপদ ও মানসম্মত কাজের পরিবেশ নিশ্চিত করা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অপরিহার্য দায়িত্ব।
কর্মস্থলের নাজুক নিরাপত্তার কারণে কোনো কর্মীর জান-মালের ক্ষয়ক্ষতি হলে এর দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও মালিকপক্ষ কিছুতেই এড়াতে পারে না।
কমিশন আশা প্রকাশ করে যে, এ ধরনের দুর্ঘটনা এড়াতে তৈরি পোশাক শিল্পের শীর্ষ প্রতিষ্ঠান, মালিক পক্ষ ও সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা দপ্তরের সম্মিলিত উদ্যোগে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত, আগুন থেকে রক্ষা পেতে প্রশিক্ষণের ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এইচএ/১৮২৪ ঘ.
bdnews24