ঝিনাইদহ, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হয়েছে দুই বাংলাদেশি।
বার্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) শ্রীনাথপুর ক্যাম্পের নায়েক মোর্শেদ আলম জানান, রোববার রাতে সীমান্ত দিয়ে গরু আনতে গিয়ে তারা ধরা পড়েন।
এরা হলেন- লড়াইঘাট গ্রামের রফিক উদ্দিনের ছেলে বিল্লাল হোসেন ও শ্যামকুড় গ্রামের ভুন্দা বিশ্বাসের ছেলে অমল বিশ্বাস।
মোর্শেদ আলম জানান, বিল্লাল ও অমলসহ কয়েকজন গরু আনতে ভারতীয় সীমান্তে প্রবেশের পর ফতেপুর ক্যাম্পের বিএসএফ টহল দলের সামনে পড়েন।
এ সময় তাদের সঙ্গে থাকা চাঁপাতলা গ্রামের মনিরুল ইসলাম ফিরে আসতে পারলেও বিল্লাল ও অমল ধরা পড়েন।
শ্যামকুড় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য তিমির চৌধুরী বলেন, “বিএসএফ তাদের ফতেপুর ক্যাম্পে আটক করে রেখেছে বলে শুনেছি।”
মহেশপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, বিল্লাল ও অমল নামের দুই বাংলাদেশি গরু আনতে গিয়ে বিএসএফের হাতে আটক হয়েছেন বলে খবর পেয়েছে পুলিশ।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশ ও বিজিবি কর্মকর্তারা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০৮৫০ ঘ.
bdnews24