২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডা. ইভা হত্যার বিচার দ্রুত বিচার আইনে করার দাবি

ডা. সাদিয়া আফরিন ইভা হত্যার বিচার দ্রুত বিচার আইনে করার দাবি জানিয়েছেন চিকিৎসক নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2012, 12:23 PM

Updated : 24 Aug 2022, 12:34 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডা. সাদিয়া আফরিন ইভা হত্যার বিচার দ্রুত বিচার আইনে করার দাবি জানিয়েছেন চিকিৎসক নেতারা। রোববার দুপুর ১টায় সোহরাওয়ার্দী মেডিকেলে কলেজের সামনে মানববন্ধন করে এ দাবি জানান বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নেতারা। রাজধানীর দক্ষিণখানে একটি বেসরকারি ক্লিনিকের চিকিৎসক ইভা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে এফসিপিএস করছিলেন। বিএমএর নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার বড়–য়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা দ্রুত বিচার আইনে ইভার হত্যাকারী ফয়সালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।” ইভার মৃত্যুতে সারা দেশের চিকিৎসকরা রোববার কালো ব্যাজ ধারণ করেন বলে জানান তিনি। মানববন্ধনে বিএমএর নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান ও সহ-সভাপতি কামরুল হাসান খানসহ অন্য নেতারাও ছিলেন। শুক্রবার সকালে দক্ষিণখানের চেয়ারম্যানবাড়ি এলাকার ব্র্যাক ক্লিনিকের তৃতীয় তলা থেকে ইভার (২৭) মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তাকে হত্যার অভিযোগে ওই ক্লিনিকের তত্ত্বাবধায়ক ফয়সালকে (২২) শনিবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শামুগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষণে ব্যর্থ হয়ে ইভাকে হত্যার কথা স্বীকার করেছেন ফয়সাল। ইভার বাবা মনিরুল ইসলাম পুলিশের উপপরিদর্শক (এসআই)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আদালতে কর্মরত। তাদের গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে। সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করার পর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে এফসিপিএস পার্ট ১ পড়াশোনা করছিল ইভা। পাশাপাশি ওই ক্লিনিকে খণ্ডকালীন চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএএইচ/১৮১৮ ঘ.