২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাগভর্তি ফেন্সিডিলসহ বিচারক গ্রেপ্তার

টাকার বিনিময়ে এসব ফেন্সিডিল নির্দিষ্ট ব্যক্তির কাছে পৌঁছে দেয়ার কথা ছিল বলে জানিয়েছেন গ্রেপ্তারকৃত বিচারক জাবেদ ইমাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2012, 03:31 PM

Updated : 24 Aug 2022, 12:34 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাগভর্তি ফেন্সিডিলসহ এক সিনিয়র সহকারী জজকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় জাবেদ ইমাম নামে ওই বিচারককে নিউমার্কেট এলাকার টিচার্স ট্রেনিং কলেজের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সৈয়দ নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার সঙ্গে থাকা ব্যাগ থেকে ৩৪২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। তাছাড়া তার সঙ্গে একটি গুলিভর্তি পিস্তলও ছিল। রাতে নিউমার্কেট থানায় সাংবাদিকদের সামনে হাজির করা হয় এই বিচারককে। তিনি বলেন, যশোর থেকে ফেন্সিডিল নিয়ে মাইক্রোবাস চালিয়ে তিনি ঢাকা এসেছেন। তার এক আত্মীয় ঢাকায় লিংকন নামে এক ব্যক্তির কাছে এসব ফেন্সিডিল পৌঁছে দিতে বলেছিল। ২০০৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর শেষ করে ২০০৮ সালে সহকারী জজ হিসাবে চাকরি শুরু করেন জাবেদ ইমাম। সম্প্রতি যশোর থেকে তাকে ভোলা বদলি করা হয়েছিল। ৮ নভেম্বর নতুন কর্মস্থলে যোগ দেয়ার পর ছুটিতে রয়েছেন বলে দাবি করেন তিনি। জাবেদ ইমাম জানান, এক লাখ টাকার বিনিময়ে এসব ফেন্সিডিল তার পৌঁছে দেয়ার কথা ছিল। সঙ্গে থাকা পিস্তলটির লাইসেন্স রয়েছে। ফেন্সিডিল পরিবহনের কাজ আগে কখনো করেননি বলেও দাবি করেন এই বিচারক। রমনা বিভাগের ডিসি সৈয়দ নুরুল ইসলাম জানান, জাবেদের কাছ থেকে ফেন্সিডিল ও গুলিভর্তি পিস্তল ছাড়াও কয়েকটি চিরকুট পাওয়া গেছে। এসব চিরকুটে ১০০০x ৩৪০, ৭০০x ৩৭০, ৮০০x ৩৭০ লেখা ছিল। “এ থেকে ধারণা করা হচ্ছে মাইক্রোবাসে করে তিনি উদ্ধারকৃত ফেন্সিডিলের বাইরে আরো ফেন্সিডিল নিয়ে এসেছিলেন, যা অন্য কোথাও পৌঁছে দিয়ে থাকতে পারেন।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমজি/এএল/২১২৭ ঘ.