ঢাকা নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের তৈরি পোশাক কারখানার কাজের পরিবেশ উন্নত করতে আবারও পরামর্শ দিল বিদেশি ক্রেতারা।
তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ নেতাদের সঙ্গে বৈঠকে কারখানাগুলোকে আরও ‘কমপ্লায়েন্ট’ করতে জোরালো উদ্যোগ নিতে বলেন আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠানগুলোর ঢাকার প্রতিনিধিরা।
শুক্রবার বিকালে রাজধানীর কারওয়ানবাজারে বিজিএমইএ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে প্রধান ক্রেতা প্রতিষ্ঠানগুলোর ঢাকা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।
২১ নভেম্বর রাতে আশুলিয়ার নিশ্চিন্তপুরে তুবা গ্রুপের তাজরিন ফ্যাশনস ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ১১০ জন শ্রমিকের মৃত্যুর পর বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান এ খাতের কাজের পরিবেশ ও শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে।
পিভিএইচ ফারইস্ট লিমিটেডের দক্ষিণ এশিয়া মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের পরিচালক জিয়া আহাদ কারখানাগুলোর মধ্যম সারির কর্মীদের দক্ষতা বাড়ানোর ওপর জোর দেন।
তিনি জানতে চান, কারখানাগুলো পরিদর্শন করে মূল্যায়ন প্রতিবেদন তৈরি করার জন্য বিজিএমইএর গঠিত টাস্কফোসের্র সদস্য কারা হবে।
বৃহস্পতিবার বিজিএমইএ-এর এক সভায় কারখানার মান পর্যবেক্ষণের জন্য টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত হয়। বেঁধে দেয়া সময়ের মধ্যে যে সব কারখানা তা করতে পারবে না, সেই কারখানাগুলো বন্ধ করে দেয়া হবে বলে পোশাক শিল্প মালিকদের এই সংগঠনটি জানায়।
লি এন্ড ফাং এর বাংলাদেশের প্রতিনিধি রজার হুবার্ট টাস্কফোর্সে প্রকৌশলী, স্থপতি, আইনজীবী ও অডিটরদের রাখার প্রস্তাব করেন। এতে ক্রেতাদের সম্পৃক্ত করারও পরামর্শ দেন তিনি।
কারখানাগুলোর বৈদ্যুতিক ব্যবস্থা উন্নয়ন করার ওপর জোর দেন তিনি।
এইচ এন্ড এম এর প্রতিনিধি পায়াল জাইন বলেন, তৈরি পোশাক কারখানাগুলোর অধিকাংশ দুর্ঘটনা ঘটে বৈদ্যুতিক ত্রুটির কারণে।
তিনি বলেন, “আমরা নামকরা চারটি কারখানার ইলেকট্রিক্যাল সেটিং পরীক্ষা করেছি। তাদের বৈদ্যুতিক ব্যবস্থায় অনেক সমস্যা রয়েছে। বৈদ্যুতিক নিরাপত্তা নিশ্চিত করতে পারলে কারখানায় অগ্নিকাণ্ডের আশংকা অনেক কমে আসবে।”
এজন্য তিনি ফায়ার লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেন। একই সঙ্গে মধ্যম পর্যায়ের ব্যবস্থাপনায় থাকা কর্মীদের দক্ষতা বাড়াতে ব্যবস্থা নিতে বলেন তিনি।
এর আগে গঠিত টাস্কফোর্সগুলো ঠিকমতো কাজ করেনি বলে অভিযোগ করেন তিনি।
লিভাইস এর কান্ট্রি সোর্সিং ম্যানেজার এম জুবায়ের আসলাম বলেন, বাংলাদেশের উদ্যোক্তাদের এই মুহুর্তে দৃষ্টান্তমুলক কিছু করে দেখাতে হবে। নতুবা ক্রেতাদের আস্থা ফেরানো যাবে না।
ক্রেতাদের স্থানীয় প্রতিনিধিরা এ বিষয়ে উদ্যোক্তাদের সহায়তা করতে প্রস্তুত বলে তিনি জানান।
বিজিএমইএ সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, বিজিএমইএর সদস্য, ক্রেতাদের প্রতিনিধি, সরকারের প্রতিনিধি নিয়ে টাক্সফোর্স গঠন করার কথা আমরা ভাবছি।
অনুষ্ঠানে এইচ এন্ড এম, গ্যাপ, কেয়ারফোর, জেসি পেনি, লিভাইস, নিউ লুক, টোসুকা, লিং এন্ড ফাং বাংলাদেশ, পিভিএইচ, টিএসএস, নিকি, রেডক্যাটস এশিয়া, ট্রিটন, জিআইজেড ও আইএফসিসহ প্রায় ৩৫টি ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিলেও খ্যাতনামা মার্কিন প্রতিষ্ঠান ওয়ালমার্ট অংশ নেয়নি।
ওয়ালমার্টের অংশ না নেওয়া প্রসঙ্গে বিজিএমইএ সহ-সভাপতি ফারুক হাসান জানান, “প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তারা ঢাকায় অবস্থান না করায় তারা বৈঠকে অংশ নিতে পারবে না বলে ইমেইলে জানিয়েছে।”
অনুমোদন না নিয়ে তাজরিন ফ্যাশনসকে পোশাক তৈরি করতে দেয়ায় বাংলাদেশের সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করে বিশ্বের সবচেয়ে বড় রিটেইলার প্রতিষ্ঠান ওয়ালমার্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসইউ/২২২১ ঘ.
bdnews24