চট্টগ্রাম, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে ফ্লাইওভারের গার্ডার ভেঙে হতাহতের ছয় দিনের মাথায় ধ্বংসস্তূপ থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে কাজের গুণগত মান পরীক্ষায় গঠিত কারিগরি কমিটি।
শুক্রবার সকালে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান নুরুল হুদার নেতৃত্বে চার সদস্যের বিশেষজ্ঞ দল বহদ্দারহাটে ফ্লাইওভারের ভেঙে পড়া স্থান পরিদর্শনের পাশাপাশি ফ্লাইওভারের বিভিন্ন আলামত সংগ্রহ করেন।
দলের সঙ্গে থাকা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাসান বিন শামস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিশেষজ্ঞ দল আলামত সংগ্রহের পাশাপাশি এর নকশা, দরপত্র প্রক্রিয়া ও কাজ সংশ্লিষ্ট বিভিন্ন নথি সংগ্রহ করেছেন।
কমিটির সদস্যরা আরো একদিন কাজ করবেন বলেও জানান তিনি।
ফ্লাইওভারের নির্মাণ কাজের গুণগত মান পরীক্ষার জন্য বৃহস্পতিবার গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাজউক চেয়ারম্যানকে প্রধান করে চার সদস্যের ওই কমিটি করা হয়।
কমিটিতে ফ্লাইওভার সংক্রান্ত দুই জন বিশেষজ্ঞ এবং বুয়েটের এক জন অধ্যাপক রয়েছেন।
গত শনিবার সন্ধ্যায় বহদ্দারহাটে সিডিএর নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ভেঙে ১৩ জনের মৃত্যু হয়। ঘটনার পর চট্টগ্রাম জেলা প্রশাসন, সিডিএ ও গণপূর্ত মন্ত্রণালয় পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করেছে।
এর মধ্যে সিডিএ বাদে কাজ শুরু করেছে বাকি দুই কমিটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএএইচ/এএল/১৭১৭ ঘ.
bdnews24