২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় মুদ্রা ‘জালিয়াত’ গ্রেপ্তার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জাল টাকা ও পুরনো রূপার মুদ্রা প্রতারণা চক্রের হোতা সন্দেহে পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2012, 11:23 AM

Updated : 24 Aug 2022, 12:34 PM

গাইবান্ধা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জাল টাকা ও পুরনো রূপার মুদ্রা প্রতারণা চক্রের হোতা সন্দেহে পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। সাদুল্লাপুরের বনগ্রাম ইউনিয়নের বুজরুক পাটানোছা গ্রাম থেকে বৃহস্পতিবার রাতে নুর মোহাম্মদকে (৫০) গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের প্রয়াত আব্দুল কাদের সোনারের ছেলে। তার বিরুদ্ধে সাদুল্লাপুরসহ দেশের বিভিন্ন থানায় নুর মোহাম্মদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, পুলিশের উপর হামলা, পুলিশের অস্ত্র ছিনতাই, জাল টাকা তৈরি, ‘নকল রূপার পয়সা’ তৈরি এবং গুপ্তধন দেয়াসহ বিভিন্ন ধরনের প্রতারণার শতাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। সাদুল্লাপুর থানার ওসি মজনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৮টার দিকে থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। রাতেই তাকে গাইবান্ধা জেল হাজতে পাঠানো হয়। দীর্ঘ দিন ধরে পুলিশ-র‌্যাব তাকে একাধিকবার গ্রেপ্তারের চেষ্টা করে ব্যর্থ হয় বলে তিনি জানান। ওসি বলেন, নুর মোহাম্মদের দলে উপজেলায় চার শতাধিক সদস্যের একটি প্রতারণা চক্র আছে, যারা দেশের বিভিন্ন শহরে গিয়ে শ্রমিক, রিকশা চালনা, মুটে ও বাস-বাড়ির কাজ নেয়। এরপর ওইসব এলাকায় মানুষের সঙ্গে সু-সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে তাদের জানায় হিন্দুর পরিত্যক্ত বাড়িভিটেয় মাটি কাটার সময় কিংবা স্বপ্নে তার বাবা-মা কলস ভর্তি গুপ্তধন (ব্রিটিস আমলের রূপার মুদ্রা) পেয়েছে। কিন্তু এগুলো তারা বিক্রি করতে পারছে না। সেই রূপার কয়েকটি আসল মুদ্রার নমুনা তাদেরকে দেখায়। কেউ সেই গুপ্তধন কিনতে সাদুল্লাপুর এলে নকল রূপার মুদ্রা দিয়ে কৌশলে তাদের সবকিছু কেড়ে নেয় তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭০৫ ঘ.