বেনাপোল, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতে দুই বছর কারাভোগের পর বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন ১৪ বাংলাদেশি তরুণী, যাদের চাকরির লোভ দেখিয়ে দুই বছর আগে ‘পাচার’ করা হয়েছিল।
ভারতীয় নিরাপত্তা বাহিনী (বিএসএফ) বৃহস্পতিবার রাতে বেনাপোল চেকপোস্টের ইমিগ্রেশন কর্মকর্তার কাছে তাদের হস্তান্তর করে।
এই ১৪ জন হলেন- লক্ষ্মীপুরের মোহাম্মদ উল্লার মেয়ে নাজমা আক্তার (২৩); নড়াইলের মৃত দাউদ উল্লার মেয়ে স্বর্ণালী খাতুন (২১); লিটন শেখের মেয়ে জান্নাতি (২২); ফরিদপুর জেলার চিকেন শেখের মেয়ে ঝর্ণা আক্তার (২৪); যশোরের মনিরামপুরের মিজানুর রহমানের মেয়ে নাসরিন ফতেমা (২০), আব্দুল মান্নানের মেয়ে আখলিমা আঁখি (২১) ও ফতেমা খাতুন (২৫); বাগেরহাটের সেলিমের মেয়ে সুমি খাতুন (২১), জাহাঙ্গীর খানের মেয়ে নাজমিন (২৩), সাকিম শেখের মেয়ে রুমা আক্তার (১৯), মোহাম্মদ উল্লার মেয়ে নাজমা আক্তার মুন্নি (১৮); ময়মনসিংহের আব্বাস আলীর মেয়ে রিনা আক্তার (২৪); সাতক্ষীরার কলারোয়ার হাবিবুর রহমানের স্ত্রী রহিমা খাতুন (২৮) এবং একই এলাকার আমিনুদ্দীন গাজির মেয়ে নাজমা খাতুন (২২)।
তাদের হস্তান্তর করার সময় বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবি সমিতির যশোরের শাখার কর্মকর্তা এবিএম মুহিত হোসেন ও যশোর রাইটসের তদন্ত কর্মকর্তা তৌফিকুজ্জামান উপস্থিত ছিলেন।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০১০ সালের দিকে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে দালালরা অবৈধভাবে ওই ১৪ তরুণীকে ভারতে পাচার করে। পরে তারা মুম্বাই পুলিশের হাতে ধরা পড়ে। এরা সবাই মুম্বাই কারাগারে বিভিন্ন মেয়াদে সাজাভোগ করেছেন।”
কারাভোগের পর তাদের প্রথমে সংলাপ নামের একটি ভারতীয় বেসরকারি সংস্থার আশ্রয়কেন্দ্রে রাখা হয়। এরপর ভারত সরকারের অনুমোদনের ভিত্তিতে তাদের ফেরত পাঠানো হয়।”
বেনাপোল ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি আটজনকে ও যশোর রাইটস ছয়জনকে নিজেদের হেফাজতে নেন বলে কামরুজ্জামান জানান।
যশোরের নাসরিন ফতেমা সাংবাদিকদেরকে জানান, ভালো কাজের আশায় ১০ হাজার টাকার বিনিময়ে দালালের মাধ্যমে তারা ভারতে যান। সেখানে অবৈধভাবে বসবাসের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায়।
বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির যশোর শাখার কর্মকর্তা এবিএম মুহিত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আপাতত তাদের আশ্রয়কেন্দ্রে রাখা হবে। পরে যার যার অবিভাবকদের কাছে পৌঁছে দেয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/জেকে/১৩২৫ ঘ.
bdnews24