নারায়ণগঞ্জ, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা থেকে চট্টগ্রাম বন্দরে নিয়ে যাওয়ার পথে ছিনতাই হওয়া রপ্তানি উপযোগী প্রায় ২৬ হাজার টি-শার্টসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকা থেকে এসব টি-শার্ট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ট্রাক মালিক সুমন (৩৫) ও চালক হুমায়ূন (৩৮)।
বন্দর থানার ওসি নূর মোহাম্মদ সাংবাদিকদের জানান, গত ২৭ নভেম্বর ঢাকা গেন্ডারিয়া এলাকার মাল্টি ক্যাবলস লিমিটেডের ৫১৪টি কার্টনে ভর্তি ২৫ হাজার ৬শ’ ৮০ পিস টি-শার্ট ডেনমার্কে রপ্তানি করার জন্য চট্টগ্রাম বন্দরের উদ্দেশে ট্রাকে (ঢাকা-মেট্রো-ট-১১-৬৩৯৩) করে পাঠানো হয়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছে চালক হুমায়ূন ও হেলপার রাজু মালামাল অন্যত্র বিক্রি করে দেয়।
এ ঘটনায় মাল্টি ক্যাবলস লিমিটেড কোম্পানির চেয়ারম্যান মহিউদ্দিন ফারুকী বাদী হয়ে একটি মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/২০০০ ঘ.
bdnews24