চট্টগ্রাম, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে দুইটি রিভলবার ও ৩০০টি ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার দুপুরে পটিয়া উপজেলার বৈলতলা এলাকার পাইকপাড়া রোড থেকে আফছার উদ্দিনকে (২৮) গ্রেপ্তার করা হয়। আফছার চন্দনাইশ উপজেলার এলাহাবাদ গ্রামের আব্দুল মাবুদের ছেলে।
র্যাব-৭ এর স্টাফ অফিসার দীপক জ্যোতি খীসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাইকপাড়া এলাকায় কিছু মাদক ও অস্ত্র ব্যবসায়ী অবস্থান করছে সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আফসারকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় জানিয়ে জ্যোতি খীসা বলেন, তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ফ্রান্স ও মায়ানমারের তৈরি দুইটি রিভলবার, ১২ রাউন্ড গুলি ও ৩০০ ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে, পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/আরএ/১৯৩৬ ঘ.
bdnews24