ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি হত্যার কারণ হিসাবে
অবৈধ অনুপ্রবেশ ও সীমান্তরক্ষীদের ওপর চোরাচালানীদের আক্রমণকে দায়ী করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
জাতীয় সংসদের বৃহস্পতিবারের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান তিনি।
কক্সবাজার-২ আসনে জামায়াতের সংসদ সদস্য এ এইচ এম হামিদুর রহমান আযাদের এক প্রশ্নের জবাবে মহীউদ্দীন খান আলমগীর বলেন, “সীমান্ত এলাকায় রাতের অন্ধকারে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালানীদের অন্তর্কলহ এবং সীমান্তরক্ষীদের ওপর উভয় দেশের সংগঠিত চোরাচালানীদের সংঘবদ্ধ আক্রমণ ইত্যাদি কারণে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিক নিহত হয়ে থাকে।”
মন্ত্রী আরো জানান, ১৯৯৬ সাল থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত বিএসএফ ৭১৭ জন বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে। একই সময়ে তাদের হাতে আহত হন ৫৭০ জন বাংলাদেশি নাগরিক।
এর মধ্যে ১৯৯৬ সালে ৭ জন, ১৯৯৭ সালে ৯ জন, ১৯৯৮ সালে ২০ জন, ১৯৯৯ সালে ২৯ জন, ২০০০ সালে ১৪ জন, ২০০১ সালে ৬৪ জন, ২০০২ সালে ৬২ জন, ২০০৩ সালে ২৩ জন, ২০০৪ সালে ৩২ জন, ২০০৫ সালে ৬০ জন, ২০০৬ সালে ৯৫ জন, ২০০৭ সালে ৮৭ জন, ২০০৮ সালে ৫৪ জন, ২০০৯ সালে ৬৬ জন, ২০১০ সালে ৫৫ জন, ২০১১ সালে ২৪ জন এবং ২০১২ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন।
মহীউদ্দীন খান আলমগীর বলেন, ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় লুণ্ঠিত ৫০টি গ্রেনেড ও ৭২টি আগ্নেয়াস্ত্রের এখনো কোনো হদিস পাওয়া যায়নি। ঘটনার সময় পিলখানা থেকে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রও লুট করা হয়েছিল।
সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদুন্নাহার লাইলীর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিডিআর বিদ্রোহের ঘটনায় লুণ্ঠিত ও হারানো আগ্নেয়াস্ত্রের সংখ্যা ৩৩২টি। গ্রেনেড লুট করা হয় ২১১টি, পিস্তল ৮৩টি, রাইফেল ১৭টি এবং এসএমজি পাঁচটি। লুণ্ঠিত ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের মধ্যে পিস্তল ১১টি, পয়েন্ট টু টু বোর গান তিনটি ও সিঙ্গেল ব্যারেল গান দুইটি।
এ পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে ২১০টি। এর মধ্যে গ্রেনেডের সংখ্যা হচ্ছে ১৬১টি। তিন ধরনের ৯৫টি আগ্নেয়াস্ত্রের মধ্যে উদ্ধার করা সম্ভব হয়েছে ৩৯টি। এখনো ৬৬টি আগ্নেয়াস্ত্র ও ৫০টি গ্রেনেড উদ্ধার করা যায়নি। ব্যক্তিগত তিন ধরনের ১৬টি আগ্নেয়াস্ত্র লুট হয়েছিলো। উদ্ধার করা হয়েছে ১০টি এবং ছয়টি উদ্ধার করা যায়নি।
সংরক্ষিত মহিলা আসনে বিএনপির সংসদ সদস্য আসমা জেরীন ঝুমুর অপর এক প্রশ্নের জবাবে মহীউদ্দীন খান আলমগীর জানান, আইন-শৃঙ্খলা বাহিনীতে যেসব সদস্য অনৈতিক ও বে-আইনি কার্যকলাপে লিপ্ত রয়েছে তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থাসহ প্রযোজ্য ক্ষেত্রে ফৌজদারি ব্যবস্থাও নেয়া হচ্ছে। ভবিষ্যতে যাতে এ ধরনের কাজের পুনরাবৃত্তি না ঘটে সেজন্য নজরদারি অব্যাহত রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে তাকে করা প্রশ্নগুলোর উত্তর দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএএইচ/এইচএ/১৯২৮ ঘ.
bdnews24