চট্টগ্রাম, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বহদ্দারহাট ফ্লাইওভার নির্মাণ কাজের গুণগত মান পরীক্ষা করতে একটি কমিটি করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নির্মানাধীন বহদ্দারহাট ফ্লাইওভারের ধসে পড়া অংশ পরিদর্শন শেষে গণপূর্ত মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রধান গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যাম সুন্দর শিকদার সাংবাদিকদের এ তথ্য জানান।
“নির্মাণ কাজের গুণগত মান ঠিক আছে কি না তা খতিয়ে দেখা প্রয়োজন এবং এ কারণেই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যানকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি করা হয়েছে।”
তিনি জানান, কমিটিতে রাজউক চেয়ারম্যান ছাড়াও ফ্লাইওভার সংক্রান্ত দুইজন বিশেষজ্ঞ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একজন অধ্যাপককে রাখা হয়েছে।”
গত শনিবার সন্ধ্যায় বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ধসে ১৩ জনের মৃত্যু হয়। এ ঘটনার পর চট্টগ্রাম জেলা প্রশাসন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও গণপূর্ত মন্ত্রণালয়ের তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়।
এর মধ্যে সিডিএ বাদে বাকি দুটি কমিটি কাজ শুরু করেছে।
সিডিএর তত্ত্বাবধানে ২০১০ সালের ডিসেম্বরে ১ দশমিক ৪ কিলোমিটার দীর্ঘ এই ফ্লাইওভারের নির্মাণ কাজ শুরু হয়, যাতে ব্যয় ধরা হয় ১০৬ কোটি টাকা। পারিশা এন্টারপ্রাইজ ও মীর আক্তার এন্টারপ্রাইজ নামের দুটি ঠিকাদারী প্রতিষ্ঠান এর নির্মাণ কাজ করছে। চলতি বছরের ২৯ জুন একই ফ্লাইওভারের গার্ডার ভেঙে পড়ে এক রিকশাচালক আহত হয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসইউ/১৭৫৭ ঘ.
bdnews24