কলকাতা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে জিজ্ঞাসাবাদের জন্য ১২ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে কলকাতার আদালত।
চলতি মাসের শুরুতে সুড়ঙ্গ খুড়ে নেপালের কারাগার থেকে পালানোর পর গত মঙ্গলবার কলকাতার বৌবাজারের একটি বাসা থেকে সুব্রতকে গ্রেপ্তার করে ভারতীয় পুলিশ। ফতেহ আলী নাম নিয়ে ছদ্মবেশে তিনি সেখানে অবস্থান করছিলেন।
সুব্রত বাইনকে বুধবার কলকাতার আদালতে হাজির করা হলে মুখ্য মহানগর হাকিম দিলরুবা হোসাইন তাকে ১০ ডিসেম্বর পর্যন্ত রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন বলে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানায়।
এই বাংলাদেশি সন্ত্রাসীর বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ, জাল নোটের ব্যবসা ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগ এনেছে ভারতীয় পুলিশ।
গত ৮ নভেম্বর নেপালের ঝুমকা কারাগার থেকে পালিয়ে সুব্রতসহ ১২ জন চীনে আশ্রয় নিয়েছিলেন বলে খবর প্রকাশ হয়। এ বিষয়েও তাকে জিজ্ঞাসাবাদ করছে ভারতীয় পুলিশ।
ভারতে অবস্থানরত বাংলাদেশের যে ২৩ জন শীর্ষ সন্ত্রাসীর নাম ঢাকার পক্ষ থেকে নয়া দিল্লিকে দেয়া হয়, তার মধ্যে সুব্রত বাইনের নামও রয়েছে।
তিন বছর আগে কলকাতা পুলিশ জানায়, সুব্রত বাইন নেপালের কারাগারে বন্দি রয়েছেন।
২০০৯ সালের ২২ সেপ্টেম্বর কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের দুই কর্মকর্তা সুব্রত বাইনকে ধাওয়া করে নেপাল সীমান্তের কাকরভিটা শহরে ঢুকে পড়লে সেখানকার পুলিশ তিনজনকেই গ্রেপ্তার করে।
এর এক সপ্তাহ পর ভারতীয় দূতাবাসের হস্তক্ষেপে ছাড়া পান পশ্চিমবঙ্গ পুলিশের দুই কর্মকর্তা। সুব্রত রয়ে যান পূর্ব নেপালের ভদ্রপুর কারাগারে।
২০০১ সালে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২৩ শীর্ষ সন্ত্রাসীকে ধরিয়ে দেয়ার জন্য পুরস্কার ঘোষণা করে। এদের মধ্যে ঢাকার অপরাধ জগতের তখনকার প্রভাবশালী সেভেন স্টার গ্রুপের প্রধান সুব্র্রত বাইনও ছিলেন।
কলকাতার স্পেশাল টাস্কফোর্স সেখানকার কারাইয়া থেকে ২০০৮ সালের ১৩ অক্টোবর সুব্রতকে অস্ত্রসহ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে কলকাতায় অস্ত্র ও অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলাও হয়। ওই মামলায় ২০০৯ সালের ৬ জানুয়ারি জামিনে ছাড়া পেয়ে আবার গা ঢাকা দেন সুব্রত।
সুব্রত বাইনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ অসংখ্য অভিযোগ রয়েছে। ১৯৯১ সালে নগরীর আগারগাঁও এলাকায় জাসদ ছাত্রলীগ নেতা মুরাদ হত্যার মধ্য দিয়ে তার সন্ত্রাসী জীবনের উত্থান হয়।
২০০৩ সালের দিকে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীগুলোর তৎপরতা বেড়ে গেলে সুব্রত ভারতে পালিয়ে যান।
কলকাতা পুলিশ জানিয়েছে, পশ্চিমবঙ্গের নদীয়া, চব্বিশ পরগনা জেলায় সুব্রত মৎস্য খামারসহ বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করেন এবং সেখানে সম্পত্তিও কেনেন।
এছাড়াও ভারতের ভোটার পরিচয় পত্র, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড ইত্যাদি যোগাড় করে নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণের চেষ্টা চালান সুব্রত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/০৯১০ ঘ.
bdnews24