২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীতলক্ষ্যায় ডুবে যাওয়া ট্রলার উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শীতলক্ষ্যা নদীতে বুধবার ভোরে ডুবে যাওয়া বালুবাহী ট্রলারটি সন্ধ্যায় উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2012, 07:28 AM

Updated : 24 Aug 2022, 12:33 PM

নারায়ণগঞ্জ, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শীতলক্ষ্যা নদীতে বুধবার ভোরে ডুবে যাওয়া বালুবাহী ট্রলারটি সন্ধ্যায় উদ্ধার করা হয়েছে। তবে এ সময় কোনো লাশ পাওয়া যায়নি বলে উদ্ধারকারীরা জানান। বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের উপ-পরিচালক ও উদ্ধারকারী জাহাজ রুস্তমের কমান্ডার ফজলুর রহমান বলেন, সন্ধ্যা ৭টার দিকে রুস্তমের সাহায্যে ট্রলারটি উদ্ধার করা হয়েছে। ট্রলারটিতে কোনো মরদেহ ছিল না বলেও তিনি জানান। তিনি বলেন, ভোরে বালুবাহী বাল্কহেড চৌরঙ্গীকে পেছন থেকে ধাক্কা দেয় জ্বালানি তেলবাহী ট্যাঙ্কার এমটি বিত্ত। এতে ট্রলারটির পেছনের অংশ ডুবে যায় এবং সামনের খালি অংশ সোজা হয়ে উপরে উঠে যায়। সকাল ১০টা থেকে রুস্তম নিয়ে তারা উদ্ধার কাজ শুরু করেন। এতে বিআইডব্লিউটিএ’র চারজন ডুবুরি অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৯৪৭ ঘ.